লালন আখড়ায় দোল উৎসব
বুধবার রাত ১২টার পর বাউলদের অধিবাস সেবা, বৃহস্পতিবার সকালের সূর্য ওঠার আগেই শুরু হয় গোষ্ঠ গান। দোল উৎসব উপলক্ষে বাউলদের গাওয়া গানে গানে মুখর হয়ে উঠেছে লালনের আখড়াবাড়ি চত্বর।গতকালের কর্মসূচির মধ্যে ছিল সূর্যোদয়ের পর বাল্যসেবা। এরপর হয় লীলা সংগীত। মধ্য প্রহরের পর পঞ্চ ব্যঞ্জন দিয়ে পুনর্সেবা। পরে সাধু-গুরুদের নিয়ে সাধুসঙ্গ করে অষ্ট প্রহর শেষ হয়। গতকাল বৃহস্পতিবার কালী নদীর পাড়ে সারা দিন জটলা করে গান গেয়েছেন বাউলেরা। সন্ধ্যার সময় পরিষ্কার আকাশের বুকে যখন গোলাকার চাঁদটা জমিনে আলো ছড়াচ্ছিল, তখন বাউলদের সঙ্গে আসা দর্শনার্থীরাও সুর মেলাচ্ছিলেন। নেচেগেয়ে মাতোয়ারা হচ্ছেন। আর স্মরণ করেন সাঁইজিকে, যিনি রয়েছেন তাঁদেরই আশপাশে, সর্বত্র।পাঁচ দিনব্যাপী আয়োজনে ভারত, নেপাল, ভুটান, ফ্রান্স, কোরিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের সাধুসন্ত ও সংস্কৃতি অনুরাগীরা এসেছেন। লালন সাঁই জীবিতকালে প্রতি দোল পূর্ণিমায় ভক্ত-অনুসারীদের নিয়ে মরমি তত্ত্বালোচনা ও গানের আসর করতেন। সাধুসঙ্গ করতেন।