লালন ফকিরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ শনিবার বিভিন্ন চ্যানেলে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাতে দেশ টিভির স্টুডিও থেকে সরাসরি দেখানো হবে কল-এর গান অনুষ্ঠান। আজ এই অনুষ্ঠানে গান করবেন বিউটি ও সালমা। আজকের কথোপকথন বিউটির সঙ্গে।‘কল-এর গান’ অনুষ্ঠানে কোন গানগুলো করবেন?কল-এর গান অনুষ্ঠানে আমরা তিনজন থাকব। আমি, সালমা আর পুতুল। পুতুল আপু অনুষ্ঠানটি উপস্থাপনা করেন। কিন্তু আজ তিনি উপস্থাপনার পাশাপাশি আমাদের সঙ্গে গানও করবেন। লালন ফকিরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানটি সাজানো হয়েছে। তাই লালনের গানই করব। আমার নিজের অ্যালবাম থেকেও কিছু গান করার ইচ্ছা আছে।এবার লালন উৎসবে যাওয়ার ইচ্ছা আছে?লালন উৎসবের জন্য সারা বছর অপেক্ষা করি। সেই ছোটবেলা থেকেই। ছোটবেলায় বাবার সঙ্গে এ মেলায় নিয়মিত যেতাম। আমাদের বাড়ি কুষ্টিয়ার চুয়াডাঙ্গায়। বাড়ি থেকে ছেঁউড়িয়া ঘণ্টা খানেকের পথ। আশপাশের সবাই ট্রাক কিংবা বাস ভাড়া করে এ মেলায় যায়। সে এক অন্য রকম উৎসব। তিন দিন শুধুই লালনের গান। ২০০৫ সাল থেকে আমি এই মঞ্চে গান করছি। এবার উৎসবের শেষ দিন গান করার ইচ্ছা আছে।ওখানে মঞ্চে গান করার অনুভূতি কেমন হয়?ওই মঞ্চে উঠলে মনে হয়, আমি যেন আর নিজের মধ্যে নেই। লালনের গানের বাণী, সুর আর পুরো পরিবেশ মিলে এমনই এক আবহ তৈরি হয়। সারা রাত গান আর গান। সবাই অধীর আগ্রহে বসে থাকে লালনের গান শোনার জন্য। অনেক শিল্পী। ওখানকার শ্রোতারা যেন আমার খুব পরিচিত। দেশ-বিদেশের অনেক অনুষ্ঠানে গান গেয়েছি, কিন্তু ছেঁউড়িয়ার লালন-মঞ্চে গান গাওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারব না।এবার আপনার নতুন অ্যালবাম নিয়ে কিছু বলুন।আমার সর্বশেষ বাজারে আসা অ্যালবামটি শ্যাম পিরিতের জ্বালা। সব কটি গানই লোক-ধাঁচের। আর এটি বাজারে এনেছে গানচিল। এটি আমার চতুর্থ অ্যালবাম। এখানে লালন ফকির, হাসন রাজা, রাধারমণ ও শাহ আবদুল করিমের গান গেয়েছি। পরের অ্যালবামের কাজ শুরু করেছি। এটাও হবে লোক-ধাঁচের গান নিয়ে।