লালন স্মরণোত্সবে হামলা, মামলায় গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরার শালিখায় লালন স্মরণোত্সব অনুষ্ঠানে হামলা চালিয়ে অনুষ্ঠান বন্ধ করে দেওয়ার অভিযোগে আজ সোমবার ভোরে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন পুলুম গ্রামের দুলাল ভূঁইয়া (৪৫) এবং মধুখালী গ্রামের হাবিবুর রহমান (৫২) ও শাহিনুর রহমান (৩২)।শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শামসুল হক প্রথম আলো অনলাইনকে জানান, গ্রেপ্তার হওয়া তিন ব্যক্তি ওই ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত আসামি। তবে তাঁদের রাজনৈতিক কোনো পরিচয় জানা যায়নি।প্রসঙ্গত, বাউলসম্রাট ও আধ্যাত্মিক সাধক ফকির লালন শাহ স্মরণে স্থানীয় লালন সাংস্কৃতিক স্মৃতি সংঘ গত শুক্র ও শনিবার শালিখা উপজেলার পুলুম গোলাম সরোয়ার মাধ্যমিক বিদ্যালয় মাঠে দুই দিনব্যাপী লালন স্মরণোত্সবের আয়োজন করে। অনুষ্ঠানের শেষ দিন রাত ১১টার দিকে একজন বক্তার ধর্মবিরোধী বক্তব্যের অজুহাতে কিছু লোকের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। তাঁরা কয়েকটি চেয়ার-বেঞ্চ ছুড়ে মারেন, মাইকও খুলে ফেলেন। এতে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। একপর্যায়ে পুলিশ অনুষ্ঠান বন্ধ করে দেয়। এ ঘটনায় ফকির আজিবর চিশতি নামের এক ব্যক্তি ২১ জনকে আসামি করে শালিখা থানায় মামলা করেন।