গানচিল থেকে গতকাল মঙ্গলবার বাজারে এসেছে নতুন অ্যালবাম ‘ফকির লালন বলে’। এখানে গান করেছেন রিংকু। অ্যালবামটির প্রসঙ্গ ধরেই কথা হলো রিংকুর সঙ্গে।‘ফকির লালন বলে’ অ্যালবামটি নিয়ে কিছু বলুন।লালনের কম প্রচলিত গানগুলো নিয়ে একটি অ্যালবাম করার ইচ্ছা ছিল। এবার সেটা সম্ভব হয়েছে। সাধারণত আখড়ায় যে গানগুলো শোনা যায়, সেখান থেকে কয়েকটি গেয়েছি। গানগুলোতে যাতে আখড়ার স্বাদ পাওয়া যায়, সেই চেষ্টাও ছিল। এটি আপনার কততম অ্যালবাম?‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতার পর আমার চারটি একক অ্যালবাম বেরিয়েছে। ফকির লালন বলে পঞ্চম একক অ্যালবাম। লালনের গান হলেও সুমন কল্যাণের সংগীতায়োজনের ব্যাপারটা এখানে খুব উল্লেখযোগ্য। আমরা যন্ত্রানুষঙ্গের মধ্য দিয়ে লালনের গানগুলোকে এ সময়ের প্রেক্ষাপটে তুলে ধরেছি। মোট কথা, লালনের গানের আবেদন ঠিক রেখে সমসাময়িক আঙ্গিকে উপস্থাপন করেছি। গান গাওয়ার ক্ষেত্রে খোদা বক্স সাঁইজির গায়কি অনুসরণ করেছি।লালনের কম প্রচলিত গানগুলোকে বেছে নেওয়ার কারণ কী?লালনের প্রায় চার হাজারেরও বেশি গান রয়েছে। কিন্তু ঘুরেফিরে শ দুয়েক গানই শোনা যায়। তা থেকে বেরিয়ে আসতে চেয়েছি। লালন তাঁর গানের মধ্য দিয়ে অনেক কিছু বলে গেছেন। এগুলো সবার জানা দরকার। নতুন আর কী করছেন?সিলেটের আঞ্চলিক ভাষার গান নিয়ে অ্যালবাম তৈরির কাজ শুরু করেছি। এরই মধ্যে কয়েকটি গান করা হয়েছে। আশা করছি কোরবানির ঈদে অ্যালবামটি বাজারে আনা সম্ভব হবে। আর এই অ্যালবামটি আমাদের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান থেকে বের করব। প্রযোজনা প্রতিষ্ঠান খুললেন কবে?মাস তিনেক হলো। আমরা কজন বন্ধু মিলে ‘সম্পর্ক’ নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠান চালু করেছি। এখান থেকে এবার ঈদের জন্য একটি শ্রুতি নাটক নির্মাণ করেছি। এ প্রতিষ্ঠান থেকে মূলত আমরা বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের কাজ করব। শিগগিরই আমরা লোকসংগীত প্রশিক্ষণ কেন্দ্র শুরু করছি। এখানে আমাদের দেশের প্রথিতযশা লোকসংগীতশিল্পীরা প্রশিক্ষণ দেবেন।