মাগুরার শালিখা উপজেলার পুলুম গ্রামে লালন সাংস্কৃতিক স্মৃতিসংঘের গানের অনুষ্ঠান বন্ধ করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ সময় হুড়োহুড়িতে দুজন বাউল আহত হয়েছেন।গতকাল রোববার লালন সাংস্কৃতিক সংঘের সদস্য ফকির আদিবর চিশতি এ ঘটনায় স্থানীয় ২১ ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন। শালিখা থানার উপ পরিদর্শক ফরিদ উদ্দিন একথা জানিয়েছেন। লালন সাংস্কৃতিক স্মৃতিসংঘের সদস্য নাজমুল করিম জানান, শনিবার রাতে গানের অনুষ্ঠানে লালন সংঘের নির্বাহী পরিচালক আব্দেল মান্নান বক্তব্য দিচ্ছিলেন। এ সময় তাঁর বক্তব্যে ধর্মবিরোধী কথাবার্তা রয়েছে বলে অভিযোগ তোলা হয়। এ নিয়ে সেখানে উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় স্থানীয় একটি মাদ্রাসার কয়েকজন এসে গানের অনুষ্ঠান বন্ধ করে দেন। হুড়োহুড়ির সময় দুজন বাউল আহত হন বলে তিনি জানান। আহত বাউলেরা হলেন, লালন সাংস্কৃতিক স্মৃতিসংঘের বাউল আবদুল আজিজুল ইসলাম ও সংঘের সহ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।নাজমুল করিম আরও বলেন, উত্তেজনার একপর্যায়ে পুলিশ আসে। পরে পুলিশ অনুষ্ঠান বন্ধ করার নির্দেশ দেয়।পুলুমের পার্শ্ববর্তী গ্রাম দেশমুখ কাটিগ্রামের কওমি মাদ্রাসার শিক্ষক রাজু আহমেদ বলেন, ‘আমরা যখন খবর পেয়ে ঘটনাস্থলে যাই, তখন দেখি গান বন্ধ হয়ে গেছে।’ মাদ্রাসার লোকজন এ ঘটনায় জড়িত ছিল না বলে তিনি দাবি করেন।এদিকে শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শামসুল হক বলেন, পরিস্থিতি উত্তেজনাকর দেখে তিনি অনুষ্ঠান বন্ধ করার নির্দেশ দিয়েছেন।