লালনের প্রতিকৃতি নিয়ে দেয়ালচিত্র তৈরি করলেন তাড়াইলের দুই ভাই
কিশোরগঞ্জের তাড়াইলের দুই ভাই সুষেন আচার্য ও শ্যামল আচার্য এবার মরমি সাধক লালন শাহর প্রতিকৃতি নিয়ে ম্যুরাল (দেয়ালচিত্র) তৈরি করেছেন। কুষ্টিয়ার ছেঁউড়িয়ার লালনের আখড়ায় নির্মিত দেয়ালে সাঁটানো হয়েছে ১৫ ১০ ফুট আকারের দেয়ালচিত্রটি। আজ রোববার লালনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘লালনমেলা’য় উদ্বোধন করা হবে দেয়ালচিত্রটি। কুষ্টিয়ার জেলা প্রশাসক বনমালী ভৌমিক বলেন, ‘সাঁইজির আখড়ার জন্যই সুষেন ও শ্যামলকে দিয়ে তৈরি করা হয়েছে দেয়ালচিত্রটি। তাঁঁঁরা এটি চমৎকারভাবে তৈরি করেছেন।’সুষেন আচার্য ও শ্যামল আচার্য বলেন, ‘দেশের অনেক জায়গায় আমরা দুই ভাই ভাস্কর্য ও ম্যুরাল বানাচ্ছি। সাঁইজির আখড়ার জন্য তাঁর ম্যুরাল তৈরি করতে পেরে নিজেদের গর্বিত মনে করছি। কুষ্টিয়ার জেলা প্রশাসকের উদ্যোগে ম্যুরালটি তৈরি করেছি। আর পুরো কাজটা আমরা করেছি তাড়াইলে বসেই। আধ্যাত্মিক সাধকের এই ম্যুরালটি দেশ-বিদেশের সবাই দেখবেন—এটা ভেবে আমরা আনন্দিত।’