লালপুরে গণডাকাতির ঘটনায় চার পুলিশকে প্রত্যাহার
নাটোরে যানবাহনে গণডাকাতির ঘটনায় আজ শনিবার লালপুর থানার এক উপপরিদর্শকসহ (এসআই) চার পুলিশকে প্রত্যাহার করা হয়েছে। এঁদেরকে নাটোর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।এঁরা হলেন লালপুর থানার এসআই জামাত আলী, কনস্টেবল রেজাউল ইসলাম, আবদুল হালিম ও জামাল উদ্দিন।মামলার তদন্তকারী কর্মকর্তা লালপুর থানার এসআই মো. ইসলাম হোসেন জানান, ডাকাতির ঘটনায় মাইক্রোবাসের চালক রাজশাহীর বাঘা উপজেলার বাজুবাঘা গ্রামের মিঠু বাদী হয়ে গতকাল শুক্রবার রাতে লালপুর থানায় মামলা করেছেন। ডাকাতির সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ বাঘার চন্ডিপুর (বড় ছয়ঘটি) গ্রামের মইদুল (২৮), সান্টু (২৭), শাহজাহান (৪৫), লালপুরের বসন্তপুর গ্রামের টুটুল (২১) ও বজলুর রহমান (২৮), বেরিলাবাড়ি গ্রামের আবু তালেব (২৫), সাজেদুল (২৬) এবং বামনগ্রামের গিয়াস উদ্দিনকে (২০) আজ ভোর রাতে আটক করে।লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিয়ার রহমান চার পুলিশ সদস্যকে প্রত্যাহারের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে ওই চার পুলিশ সদস্যকে প্রত্যাহারের নির্দেশ দেন।প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাতে লালপুর-বাঘা সড়কের তিনখুঁটি এলাকায় ডাকাতেরা ১৬টি যানবাহন আটক করে দেড় ঘণ্টা ধরে ডাকাতি করে। এ সময় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আমদহ গ্রামের অসুস্থ স্কুল ছাত্র আল-আমিনকে বহনকারী মাইক্রোবাসটি ডাকাতদের কবলে পড়ে। তারা জরুরি চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিল। ডাকাতেরা অসুস্থ আল-আমিনের গলায় ছুরি ধরে রাখে, মাকে ছুরি দিয়ে আঘাত এবং বাবাকে পিটিয়ে জখম করে। এ সময় আল-আমিনের মৃত্যু হয়।