লালপুরে গুলিতে বিএনপি নেতা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্বৃত্তদের গুলিতে নাটোরে বিএনপি নেতা ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য আকবর আলী (৬৫) নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে লালপুর উপজেলার মহরকয়া গ্রামে এ ঘটনা ঘটে। লালপুর থানা সূত্র জানায়, গতকাল রাত পৌনে ১০টার দিকে মহরকয়া গ্রামে নিজ বাড়িতে ফেরার পথে বটতলা মোড়ে একদল দুর্বৃত্ত আকবরকে লক্ষ্য করে গুলি চালায়। এরপর আশপাশের লোকজন আহত আকবরকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিত্সক তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ১০টার দিকে তাঁর মৃত্যু হয়। পরিবারের লোকজন জানান, নিহত আকবর আলী উপজেলার বিলমাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। তিনি দীর্ঘদিন বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্যের দায়িত্ব পালন করেন। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, কারা কী কারণে আকবরকে হত্যা করেছে তা এখনো জানা যায়নি। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।