লালপুরে ট্রেন অবরোধ, পরীক্ষা কেন্দ্র দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের লালপুরে আবদুলপুর সরকারি কলেজে অনার্স কোর্স চালু ও ডিগ্রি পরীক্ষা কেন্দ্রের দাবিতে আজ বুধবার সকাল সাড়ে ১০টা থেকে চারটি ট্রেন অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা। একই সঙ্গে তারা কলেজের প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে শিক্ষক ও কর্মচারীদের অবরোধ করে রেখেছে।স্থানীয় সূত্রে জানা যায়, ২০ অক্টোবর থেকে ডিগ্রি পরীক্ষা শুরু হবে। গতকাল মঙ্গলবার কলেজে পরীক্ষা কেন্দ্রের চিঠি আসার আশ্বাস দেয় কর্তৃপক্ষ। কিন্তু সে চিঠি না আসায় আজ সকাল সাড়ে ১০টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়ে অধ্যক্ষসহ শিক্ষক-কর্মচারীদের অবরুদ্ধ করে রাখে। সেখান থেকে তারা আবদুলপুর জংশন স্টেশনে এসে ঢাকা থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস, ঢাকা থেকে নীলফামারীগামী দ্রুতযান এক্সপ্রেস, নীলফামারী থেকে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ও রাজশাহী থেকে সৈয়দপুরগামী উত্তরা এক্সপ্রেস ট্রেন অবরোধ করে রাখে। শেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষক-কর্মচারীরা অবরুদ্ধ রয়েছেন। ট্রেনগুলোও স্টেশনে অবস্থান করছিল।আন্দোলনে নেতৃত্বদানকারী ও কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি রাশেদ আহমেদ বিপ্লব বলেন, ‘আমাদের দাবি না মানা পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে।’লালপুর থানার আবদুলপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) লুত্ফর রহমান জানান, শিক্ষার্থীদের সঙ্গে সমঝোতার চেষ্টা চলছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে।কলেজের অধ্যক্ষ সাদেক আলী মিয়া জানান, এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।