লালপুরে বিএনপির নেতা খুন
নাটোরের লালপুরে গতকাল বৃহস্পতিবার রাতে ওয়ালিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ভাসান প্রামাণিককে (৫০) সন্ত্রাসীরা হত্যা করেছে।থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত ১০টার দিকে লালপুরের দিলালপুর-রায়পুর গ্রামের ভাসান প্রামাণিক পার্শ্ববর্তী রহিমের চায়ের দোকানে যান। সেখান থেকে বাড়ি ফেরার পথে রাস্তায় সন্ত্রাসীরা ভাসানের গতিরোধ করে। পরে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁকে হত্যা করে রাস্তার ওপর ফেলে রেখে যায়। জানা যায়, ১৯৯৯ সালের ২৮ মার্চ স্থানীয় বেলালপুর ঈদগাঁও মাঠে নামাজ পড়তে গিয়ে এলাকাবাসী দুই দলের মধ্যে সংঘর্ষ হয়। এতে আবু বক্কর নামের একজন নিহত হন। ওই হত্যা মামলার অন্যতম আসামি ছিলেন ভাসান।গত ২২ সেপ্টেম্বর আবু বক্কর হত্যা মামলায় ভাসানসহ ২২ জন বিএনপি নেতা বেকসুর খালাস পান।নাটোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার নাসিরুল ইসলাম, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান ও ইন্সপেক্টর (তদন্ত) সিরাজুল ইসলাম রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন।ওসি মতিয়ার রহমান জানান, এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। মামলার প্রস্তুতি চলছে। আবু বক্কর হত্যা অথবা রাজনৈতিক বিরোধের জের ধরে তাঁকে হত্যা করা হতে পারে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।