লালপুরে শহীদ মিনার ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা
নাটোরের লালপুর উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার মধ্যরাতে এ ঘটনা ঘটে।এদিকে, আজ সকালে রোববার হরতালের সমর্থকেরা উপজেলার মঞ্জিলপুকুর এলাকার লালপুর-বাঘা সড়কে গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তা সরিয়ে দেয়। লালপুর থানা সূত্রে জানা গেছে, গতকাল মধ্যরাতে উপজেলার নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অবস্থিত শহীদ মিনারটি ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। স্থানীয়দের অভিযোগ, স্বাধীনতাবিরোধী জামায়াত-শিবির এ ঘটনা ঘটিয়েছে।ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান আলী বলেন, তিনি সকালে বিদ্যালয়ে গিয়ে দেখেন বিদ্যালয়ের মাঠে অবস্থিত শহীদ মিনারের পশ্চিম পাশের একটি স্তম্ভ ভেঙে ফেলেছে। কারা এ কাজ করেছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না। লালপুর থানা যুবলীগের সদস্য ও বিদ্যালয়ের সভাপতি মাহমুদুর রহমান পলাশ বলেন, স্বাধীনতাবিরোধী শত্রুরা রাতের আঁধারে শহীদ মিনার ভেঙে ফেলেছে। শহীদ মিনার ভাঙার সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিয়ার রহমান বলেন, তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান জানান, বিষয়টি তিনি অবগত হয়েছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।