লালপুরের নবান্ন উৎসব
নাটোরের লালপুরের শ্রীশ্রী ফকির চাঁদ বৈষ্ণব গোঁসাইজি আশ্রমে প্রতিবছরের মতো ৬-৮ ডিসেম্বর তিন দিনব্যাপী নবান্ন উৎসব হয়েছে। লালপুর উপজেলা সদর থেকে আট কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে দুড়দুড়িয়ার নওপাড়া (রামকৃষ্ণপুর) গ্রাম। এই গ্রামের গহিন অরণ্যে একটি বটগাছ। বাংলা ১২১৭ সালে বটগাছের নিচে আস্তানা স্থাপন করেন ফকির চাঁদ বৈষ্ণব। এখানেই সাধু ধ্যান-তপস্যা ও বৈষ্ণব ধর্ম প্রচার শুরু করেন। প্রতিবছর দোলপূর্ণিমা, গঙ্গাস্নান ও নবান্ন উৎসব উপলক্ষে দেশ-বিদেশের হাজার হাজার ভক্ত-সাধক এখানে সমবেত হন। সাধু ফকির চাঁদ বৈষ্ণবের মৃত্যুর পর নওপাড়ার জমিদার তারকেশ্বর বাবু তাঁর (সাধুর) স্মরণে সমাধিটি পাকা করে দেন। এ ছাড়া ভক্তদের সুবিধার্থে ৬৮ বিঘা জমি ও শানবাঁধানো বিশাল দুটি পুকুর দান করেন। আশ্রম চত্বরে দালানকোঠা নির্মাণেও তিনি সহযোগিতা করেন। আশ্রমের প্রধান সেবায়েত শ্রী সদানন্দ সাধু জানান, দুই শতাধিক বছরের প্রাচীন আশ্রম ভক্তদের অর্থানুকূল্যে সমৃদ্ধ ছিল। এখনও ভক্তরা এখানে নিয়মিত সমবেত হন।