লালবাগ কেল্লার পার্শ্ববর্তী এলাকায় নির্মাণকাজ বন্ধের নির্দেশ
লালবাগ কেল্লার পার্শ্ববর্তী এলাকায় নির্মাণকাজ ২৪ ঘণ্টার মধ্যে বন্ধ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এ নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে এ বিষয়ে নেওয়া কার্যক্রম সম্পর্কে সাত দিনের মধ্যে হলফনামা আকারে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।আজ রোববার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।একই সঙ্গে লালবাগ কেল্লার স্থাপনার সৌন্দর্য রক্ষায় ইমারত নির্মাণ বিধিমালা ও প্রত্নতত্ত্ব আইনের বিধান কার্যকর করার কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। তিন সপ্তাহের মধ্যে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্রসচিব, ডিসিসির মেয়র ও রাজউকের চেয়ারম্যানসহ ১০ জনকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।লালবাগ কেল্লার ঐতিহ্য ও সৌন্দর্য রক্ষায় পার্শ্ববর্তী এলাকায় ব্যবস্থা গ্রহণ এবং নিয়ম-বহির্ভূত নির্মাণ বন্ধের নির্দেশনা চেয়ে জনস্বার্থে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে চার আইনজীবী এই রিটটি দায়ের করেন। আদালতে রিট আবেদনকারীর পক্ষে মনজিল মোরসেদ ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন মামলাটি পরিচালনা করেন।