লালবাগ কেল্লার ভেতর-বাইরের সব অবৈধ স্থাপনা উচ্ছেদ দাবি
লালবাগ কেল্লার ভেতরের ও পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে গুরুত্বপূর্ণ এ পুরাকীর্তি রক্ষার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে পরিবেশবাদী সংগঠন ‘পরিবেশ বাঁচাও আন্দোলন’ (পবা) আয়োজিত গোলটেবিল আলোচনায় এ আহ্বান জানান বক্তারা।‘হুমকির মুখে লালবাগ কেল্লা: রক্ষায় করণীয়’ শীর্ষক ওই আলোচনায় বক্তারা উল্লেখ করেন, কেল্লার ভেতর অবৈধভাবে তিনটি বাড়ি ও কেল্লার দেয়াল ঘেঁষে বেশকিছু স্থাপনা গড়ে উঠেছে। বক্তারা এ জন্য কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করেন। আলোচকেরা অবিলম্বে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে পুরাকীর্তি রক্ষায় দৃষ্টান্ত স্থাপনের আহ্বান জানান। তাঁরা পর্যটন আইন সংশোধনেরও দাবি জানিয়েছেন। তবে শুধু আইন দিয়ে পুরাকীর্তি রক্ষা করা যাবে না—এ অভিমত দিয়ে সভায় জনসচেতনতা সৃষ্টিরও তাগিদ দেন বক্তারা।পবার ঐতিহ্য সংরক্ষণ কমিটির আহ্বায়ক স্থপতি সামসুল ওয়ারেসের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন অধ্যাপক মইনুদ্দীন খালেদ। আলোচনায় বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক আবদুল খালেক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক এ কে এম শাহনেওয়াজ, শিল্পী শিশির ভট্টাচার্য, পবার চেয়ারম্যান আবু নাসের খান প্রমুখ অংশ নেন।