লালবাগে দুর্ঘটনায় কিশোর নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর লালবাগ থানা এলাকায় আজ শুক্রবার দুপুরে মোটরসাইকেল ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে মো. জুয়েল (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় মো. জাহাঙ্গীর (১৬) ও মো. মোকতার (১৫) নামে আরও দুজন কিশোর আহত হয়েছে। নিহত ও আহতেরা মোটরসাইকেল আরোহী ছিল।লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) পিন্টু রায় প্রথম আলো অনলাইনকে বলেন, নিহত ও আহতেরা ভ্রাম্যমাণ মোটরসাইকেল মেরামতকারী। আজ বেলা দেড়টার দিকে ওই তিনজন একটি মোটরসাইকেলে করে লালবাগ থানা এলাকার বেড়িবাঁধের লোহার ব্রিজের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী লেগুনার সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেলের ওই তিন আরোহীকে স্থানীয়রা মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক মো. জুয়েলকে মৃত ঘোষণা করেন। আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।এসআই আরও বলেন, জুয়েল তাঁর পরিবারের সঙ্গে কামরাঙ্গীরচরে থাকত। তার বাবার নাম দেলোয়ার হোসেন। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই তাঁর স্বজনদের কাছে দিয়ে দেওয়া হয়েছে। ঘটনার পর ওই লেগুনাটিকে খুঁজে পাওয়া যায়নি।