লালবাগে ব্যবসায়ীকে গুলি করে তিন লাখ টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর লালবাগ থানা এলাকা থেকে আজ শনিবার বিকেলে আবদুল মতিন (৪২) নামের এক ব্যক্তিকে গুলি করে তিন লাখ টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। আহত মতিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতাল সূত্র জানায়, মতিন চকবাজার থানা এলাকার একটি দোকানের মালিক। তাঁর বাসা লালবাগে। আজ বিকেলে দোকান থেকে একটি ব্যাগে করে তিন লাখ টাকা নিয়ে বাসায় ফেরার পথে মোটরসাইকেলের আরোহী চার যুবক তাঁর গতিরোধ করে। ওই যুবকেরা মতিনের ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তিনি তাতে বাধা দেন। এক পর্যায়ে যুবকদের একজন তাঁকে লক্ষ্য করে গুলি করেন ও টাকাভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যান। গুলি মতিনের পেটে লাগে। পরে পথচারীরা আহত অবস্থায় মতিনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল মুত্তাকিন প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অপরাধীদের ধরতে পুলিশ মাঠে নেমেছে।