লালবাগে ৭০ অবৈধ স্থাপনা উচ্ছেদ, পাল্টাপাল্টি ধাওয়ায় আহত ১০
বুড়িগঙ্গার তীরে লালবাগ মৌজার সোয়ারীঘাটে আজ বুধবার সকালে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলাকালে দখলকারী ও পুলিশের মধ্যে কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। এতে অবৈধ স্থাপনা উচ্ছেদকাজে নিয়োজিত ১০ জন শ্রমিক আহত হয়েছেন। পরে ঢাকা জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিসির যৌথ উদ্যোগে সেখানে ৭০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।পুলিশ ও অবৈধ স্থাপনা দখলকারীদের পাল্টাপাল্টি ধাওয়ায় আহত ১০ জন শ্রমিককে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তিরা হলেন রাজু, রাজন, আনোয়ার, বাবু, মনির ও সাত্তার। বাকি চারজনের পরিচয় জানা যায়নি।ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান সোয়ারীঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন। তিনি প্রথম আলোকে জানান, সোয়ারীঘাট ও চম্পাতলী এলাকায় ২০৮টি অবৈধ স্থাপনা আছে। আগামীকাল বৃহস্পতিবারও অভিযান চলবে। আজ তিনটি ফলের দোকান এবং ৪০টি আধা পাকা দোকান গুড়িয়ে দেওয়া হয়েছে।উল্লেখ্য, অভিযানে পুলিশ, র্যাব, ফায়ার সার্ভিস ও শতাধিক শ্রমিক অংশ নেন।