বছর তিনেক আগে জীববৈচিত্র্যের সন্ধানে মৌলভীবাজার জেলার পাথারিয়া পাহাড়ে গিয়েছিলাম। পাহাড়ের পাদদেশ শ্যামল-শস্যে ঘেরা। মাঝে মাঝে বিক্ষিপ্ত জনপদ। খানিকটা দূরেই রিকশা ছাড়তে হলো। তারপর হাঁটা শুরু। কাঁধে ক্যামেরা আর বাইনোকুলার দেখে কয়েকজন পথচারী আমাদের বেশ খুঁটিয়ে দেখল। তারপর খাড়া ঢাল বেয়ে একটি ছোট টিলায় উঠে এলাম। আমাদের দেখে দুজন লোক চটজলদি জঙ্গলে ঢুকে পড়ল। সহযাত্রী বললেন, ওরা চোরা শিকারি। যে পথ দিয়ে পাহাড়ের গাছ কেটে নিচে নামানো হয়, তিনি সেই পথটিও দেখালেন। আমরা আরেকটি টিলার উদ্দেশে ঢাল বেয়ে কিছুটা নিচে নেমে আসি। নীলাকাশের নিচে চনমনে রোদ বুনো গন্ধ ছড়াচ্ছে। হঠাৎ চোখ আটকে গেল দীর্ঘ মঞ্জরির একটি রক্তিম ফুলের ওপর। ফুলটি খুব চেনা মনে হলো, কিন্তু কিছুতেই নাম মনে করতে পারলাম না। তবে বর্ণগত বৈসাদৃশ্য থাকলেও ভাঁটফুলের আত্মীয় হিসেবে শনাক্ত করি। কারণ, ফুল ও পাতায় অনেক মিল। কিন্তু বৈজ্ঞানিক বিশ্লেষণে তুলনামূলকভাবে সহস্রবেলির সঙ্গেই ঘনিষ্ঠতা বেশি। এ ফুলের প্রচলিত নাম লালভান্ডির। একসময় ঢাকাসহ প্রায় সারা দেশেই অঢেল দেখা যেত। অথচ এখন নেই বললেই চলে। শুধু পাহাড়লাগোয়া সমতলের ঝোপজঙ্গলে সীমাবদ্ধ হয়ে পড়েছে। তবে তীব্রগন্ধি ভাঁটফুল ও সহস্রবেলির সিঙ্গল বা ডাবল জাত এখনো ততটা দুর্লভ হয়ে পড়েনি। একই জাতের বামুনহাতি, বনজুঁই এবং ব্লিডিংহার্টও বর্তমানে নানা প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে টিকে আছে।লালভান্ডিরের (Clerodendrum paniculatum) ইংরেজি নাম প্যাগোডা ফ্লাওয়ার, রেড গ্লোরি ফ্লাওয়ার, ড্যানডার ফ্লাওয়ার ইত্যাদি। ঝোপালো গাছ, বহুবর্ষজীবী ছোট গুল্ম, সাধারণত দুই থেকে তিন মিটার পর্যন্ত উঁচু হতে পারে। পত্র সরল, হূৎপিণ্ডাকার, বিপ্রতীপভাবে বিন্যস্ত। ফুল কাক্ষিক থেকে শীর্ষক। ফুল ও কুঁড়ি রক্ত-লাল, ঈষৎ দুর্গন্ধি। বৃতি ঘণ্টাকার, লাল থেকে কমলা-লাল। দলমণ্ডল ধুতুরাকার, নল সরু, কমলা-লাল থেকে রক্ত-লাল, কদাচ সাদা।ফুল ফোটার মৌসুম অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত বিস্তৃত। দেশের কোথাও কোথাও আলংকারিক গাছ হিসেবে রোপণ করা হয়। ধানের মণ্ড পবিত্রকরণ এবং মাছ ধরার খুঁটি হিসেবে ব্যবহার্য। শ্রীলঙ্কার ধর্মীয় অনুষ্ঠানেও এ গাছ কাজে লাগে। এ ছাড়া সেখানে হাতিদের অধিক আস্থাশীল ও সাহসী করার জন্য এ গাছ খাওয়ানো হয়। সুমাত্রা এবং মালয়েশিয়ায় ‘আত্মা ডেকে’ আনতে এ গাছ ব্যবহার করা হয়। আদি আবাস ভারতসহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশ।