লালমনিরহাট ও পাবনায় আরও ১৫ অ্যানথ্রাক্স রোগী শনাক্ত
লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নের গিলাবাড়ী গ্রামে নয়জন এবং পাবনার সাঁথিয়া উপজেলার বড় পাথাইলহাট গ্রামে আরও ছয়জনসহ মোট ১৫ জন অ্যানথ্রাক্স রোগী শনাক্ত হয়েছে।আজ বৃহস্পতিবার লালমনিরহাটে ও গতকাল বুধবার বিকেলে পাবনায় তাদের শনাক্ত করা হয়।এ নিয়ে লালমনিরহাটে অ্যানথ্রাক্সে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮৫ জন এবং পাবনায় এ সংখ্যা দাঁড়াল ৬৮ জন।লালমনিরহাট: লালমনিরহাট জেলার প্রাণিসম্পদ কর্মকর্তা আবু হোসেন সরকার, আদিতমারী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মামুনুর রশিদের মাধ্যমে সংবাদ পেয়ে গিলাবাড়ী গ্রামের নয়জন এ্যানথ্রাক্স আক্রান্ত রোগীর বিষয়ে সরেজমিনে খোঁজখবর নিতে ওই এলাকা পরিদর্শন করেছেন।এলাকাবাসী, স্বাস্থ্য বিভাগ ও প্রাণিসম্পদ বিভাগ সূত্রে জানা গেছে, রোজার ঈদের দুই দিন আগে গিলাবাড়ী গ্রামের জবুর আলীর একটি বলদ গরু অসুস্থ হলে আট হাজার টাকা দাম ঠিক করে গ্রামের লোকেরা জবাই করে তার গোশত ভাগ করে নেয়। অ্যানথ্রাক্স আক্রান্ত এই নয়জন রোগী ওই গরুর গোশত খেয়েছিল বলে স্বীকার করেছে।উল্লেখ্য, এর আগে গত ৭ সেপ্টেম্বর লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের কিশামত হারাটি গ্রামে সর্বপ্রথম ৬৫ জন অ্যানথ্রাক্স আক্রান্ত রোগী শনাক্ত করা হয়। পরে আক্রান্ত রোগীর সংখ্যা গিয়ে দাঁড়ায় ৭৬ জনে। আর আজ তা বেড়ে দাঁড়াল ৮৫ জনে।লালমনিরহাট জেলা সিভিল সার্জন জাহাঙ্গীর আলম সরকার প্রথম আলোকে বলেন, লালমনিরহাট সদর উপজেলার কিশামত হারাটি গ্রামের অ্যানথ্রাক্স আক্রান্ত ৭৬ জন রোগীকে স্বাস্থ্য বিভাগের উদ্যোগে বিনামূল্যে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের অবস্থা এখন উন্নতির দিকে। আজ শনাক্ত হওয়া রোগীদেরও বিনা মূল্যে চিকিৎসা দেওয়া হবে।পাবনা: গতকাল বুধবার বিকেলে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা মনসুরুল ইসলামের নেতৃত্বে একটি দল ওই এলাকায় গিয়ে তাদের শনাক্ত করে। নতুন করে আক্রান্ত ব্যক্তিরা হলেন আবদুল গফুর (৫০), নীল চাঁদ (৪০), সোহেল (১২), পারভেজ (১২), আরিফুল (১০) ও শুভ (৮)।এলাকাবাসী জানায়, ঈদের তিন দিন আগে তারা স্থানীয় একটি বাজার থেকে গরুর মাংস কিনে এনে খাওয়ার পর অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়।সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মনসুরুল ইসলাম জানান, স্বাস্থ্য বিভাগের চিকিৎসকের একটি দল সার্বক্ষণিকভাবে ওই এলাকা পর্যবেক্ষণে রেখেছে। চিকিৎসকেরা আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা দিচ্ছেন এবং নতুন করে আক্রান্তদের খুঁজে বের করার চেষ্টা করছেন।