লালমনিরহাট ও মানিকগঞ্জে অ্যানথ্রাক্সের ৭০ জন রোগী শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট ও মানিকগঞ্জে আজ মঙ্গলবার অ্যানথ্রাক্সে আক্রান্ত আরও ৭০ জন রোগী শনাক্ত হয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।আমাদের লালমনিরহাট প্রতিনিধি জানান, লালমনিরহাট সদর উপজেলার হারাতি ইউনিয়নের কিশামত হারাতি গ্রামে অ্যানথ্রাক্সে আক্রান্ত ৬৫ জন রোগী শনাক্ত করা হয়েছে। আজ সকালে তাদের শনাক্ত করা হয়। লালমনিরহাট সদর হাসপাতালের চিকিৎসক আলী আহসান বাবু এ কথা জানান। লালমনিরহাট সদর হাসপাতালের চিকিৎসক মুহতাসিন মেহেদী বলেন, সকালে কিশামত হারাতি গ্রামের সিরাজুল হক (২৮) নামের এক ব্যক্তি হাতের আঙুলে ঘা নিয়ে হাসপাতালে আসেন। পরীক্ষার পর তাঁর অ্যানথ্রাক্স হয়েছে বলে শনাক্ত করা হয়। পরে তিনি বিষয়টি লালমনিরহাটের সিভিল সার্জন মো. জাহাঙ্গীর আলম ও জেলা প্রশাসক মো. মোখলেশার রহমান সরকারকে জানান। গ্রামটিতে শনাক্ত হওয়া ৬৫ জন অ্যানথ্রাক্স রোগীকেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গ্রামটির সবাইকে অসুস্থ গরু জবাই না করা এবং মাংস না খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। লালমনিরহাটে এই প্রথমবারের মতো একসঙ্গে ৬৫ জন অ্যানথ্রাক্স রোগীর সন্ধান পাওয়া গেল।মানিকগঞ্জ থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, মানিকগঞ্জের স্বাস্থ্য ও প্রাণীসম্পদ বিভাগ জেলার সাটুরিয়া উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের চর আইরমারা গ্রামে অ্যানথ্রাক্সে আক্রান্ত পাঁচজন রোগীকে শনাক্ত করেছে। অসুস্থ ছাগলের মাংস খেয়ে তারা এ রাগে আক্রান্ত হন রোগীরা দাবি করেছেন। মানিকগঞ্জ সিভিল সার্জন সিদ্ধেশ্বর মজুমদারের নেতৃত্বে একটি দল আজ আক্রান্ত এলাকা পরিদর্শন করেন। রোগীদের উপযুক্ত চিকিৎসা দেওয়া হচ্ছে।সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, রোগ যাতে ছড়াতে না পারে, সে জন্য ওই এলাকার সব গরু ও ছাগলকে প্রতিষেধক দেওয়া হচ্ছে।