লালমনিরহাট মানিকগঞ্জে আক্রান্ত ৭০ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট সদর উপজেলার কিশামত হারাটি গ্রামে গতকাল মঙ্গলবার অ্যানথ্রাক্স-আক্রান্ত ৬৫ জনকে শনাক্ত করা হয়েছে। মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় শনাক্ত করা হয়েছে পাঁচজনকে। লালমনিরহাটের জেলা প্রশাসক আতঙ্কিত না হয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।এদিকে যশোরের বেনাপোল বাজারে অ্যানথ্রাক্স-আক্রান্ত ১৩০ কেজি গরুর মাংস জব্দের পর দুজনের নামে মামলা করা হয়েছে। এ নিয়ে মোট ১১টি জেলায় অ্যানথ্রাক্স শনাক্ত করা হলো। এর আগে সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, জামালপুর, টাঙ্গাইল, পঞ্চগড়, চুয়াডাঙ্গা ও সাতক্ষীরায় অ্যানথ্রাক্স শনাক্ত হয়। আমাদের নিজস্ব প্রতিবেদক, মানিকগঞ্জ, যশোর অফিস ও লালমনিরহাট প্রতিনিধির পাঠানো খবর:লালমনিরহাট: জেলা সদর হাসপাতাল সূত্রে জানা যায়, গতকাল বেলা ১১টার দিকে কিশামত হারাটি গ্রামের সিরাজুল হক (২৮) হাতের আঙুুলে ঘায়ের চিকিৎসা নিতে জরুরি বিভাগে আসেন। কর্তব্যরত চিকিৎসক মুতাসিম মেহেদী পরীক্ষা-নিরীক্ষার পর সিরাজুল অ্যানথ্রাক্সে আক্রান্ত বলে প্রাথমিকভাবে শনাক্ত করেন। চিকিৎসক মুতাসিম মেহেদী জানান, তিনি বিষয়টি সিভিল সার্জনকে জানালে সিরাজুলের আঙুলের ঘা আবার পরীক্ষা করে তা অ্যানথ্রাক্স বলে নিশ্চিত হন। সিভিল সার্জন জাহাঙ্গীর আলম সরকার প্রথম আলোকে জানান, প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও পশুসম্পদ বিভাগের উদ্যোগে গঠিত বিশেষ দল কিশামত হারাটি গ্রামে গিয়ে অ্যানথ্রাক্স-আক্রান্ত ৬৫ জনকে শনাক্ত করেছে। সবাইকে প্রয়োজনীয় ওষুধ ও পরামর্শ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অ্যানথ্রাক্স শনাক্ত হওয়ার পর কিশামত হারাটি গ্রামে খোঁজ নিয়ে আরও রোগীর সন্ধান পাওয়া যায়। দুপুর একটার দিকে প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও পশুসম্পদ বিভাগের বিশেষ দল ওই গ্রামে গিয়ে তাদের শনাক্ত করে। সদর থানা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহ্সান আলী জানান, তাঁরা কিশামত হারাটি গ্রাম পরিদর্শন করেছেন। আজ বুধবার ওই গ্রামের বাসিন্দাদের প্রতিষেধক খাওয়ানো হবে।স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, গ্রামের মনিরউদ্দিন, বাবুল মিয়া, মাসুদ, কাজল মিয়া ও জমিলা খাতুনের ছয়টি গরু সম্প্রতি অসুস্থ হয়ে পড়ে। গরুগুলো স্থানীয়ভাবে জবাই করে কম দামে মাংস বিক্রি করা হয়। আর এসব মাংস খেয়েই গ্রামের লোকজন অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়ে পড়ে। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবু হোসেন সরকার জানান, আজ তাঁরা কিশামত হারাটি গ্রামে গিয়ে সব গরুকে প্রতিষেধক দেওয়ার ব্যবস্থা নেবেন। তিনি বলেন, ‘জেলায় তিন লাখ ৫৮ হাজার গরু আছে। আর এর বিপরীতে আমাদের কাছে অ্যানথ্রাক্সের ভ্যাকসিন আছে মাত্র সাড়ে ২৭ হাজার।’ জেলা প্রশাসক মোখলেছুর রহমান অ্যানথ্রাক্স নিয়ে আতঙ্কিত না হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। মানিকগঞ্জ: সাটুরিয়া উপজেলার চর আইরমারা গ্রামে অ্যানথ্রাক্স-আক্রান্ত পাঁচজনকে শনাক্ত করেছে স্থানীয় স্বাস্থ্য ও প্রাণিসম্পদ বিভাগ। এর সত্যতা নিশ্চিত করে মানিকগঞ্জের সিভিল সার্জন সিদ্ধেশ্বর মজুমদার জানান, আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে।সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী আক্রান্ত ব্যক্তিরা হলেন, লেচু মিয়া (৫০), রিফাত (৮), স্বপন হোসেন (১২), ওয়াজউদ্দিন (৩০) ও সাহেরা খাতুন (৫০)। লেচু মিয়া জানান, তাঁরা ২২ আগস্ট একটি অসুস্থ ছাগল জবাই করে এর মাংস খান। দুই-তিন দিন পর তাঁদের শরীরে ক্ষতের সৃষ্টি হয়। তাঁরা স্থানীয়ভাবে চিকিৎসা নেন। তেমন উন্নতি না হওয়ায় লেচু মিয়া মানিকগঞ্জ জেলা শহরে একজন এমবিবিএস চিকিৎসকের কাছে যান। ওই চিকিৎসক ক্ষত স্থানকে অ্যানথ্রাক্স-আক্রান্ত বলে শনাক্ত করেন। খবর পেয়ে সিভিল সার্জন সিদ্ধেশ্বর মজুমদার, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হুসেন আহম্মেদ, সাটুরিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ রবিউল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা আইরমারা গ্রামে গিয়ে পাঁচজন অ্যানথ্রাক্স-আক্রান্ত রোগী শনাক্ত করেন। যশোর: বেনাপোল পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর জাহিদুর রহমান জানান, পরীক্ষা না করিয়ে গরু জবাই করার অভিযোগে তিনি ১৩০ কেজি মাংস জব্দ করেছেন। এর সঙ্গে জড়িত অভিযোগে মাংস বিক্রেতা মানিক ও হাজারির বিরুদ্ধে মামলা করেছেন। জাহিদুর রহমান জানান, গতকাল সকালে বাগআঁচড়া বাজারে ৩৮ হাজার টাকা মূল্যের একটি গরু মাত্র নয় হাজার টাকায় বিক্রি করা হয়। স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই গরুটি জবাই করে মাংস বিক্রির জন্য বেনাপোল বাজারে আনা হয়। বিষয়টি জানতে পেরে তাঁরা মাংস পরীক্ষা করে এতে প্রাথমিকভাবে অ্যানথ্রাক্সের জীবাণু আছে বলে তা জব্দ করেন।