লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাটের বুড়িমারি উপজেলার ধুমতালা সীমান্তে আজ বুধবার বিএসএফের গুলিতে এক বাংলাদেশি কৃষক নিহত হয়েছেন। বিডিআর এবং স্থানীয় সূত্র জানায়, বুড়িমারি বন্দর এলাকার কাশেম আলীর ছেলে শহীদুল ইসলাম (২০) আজ নিজের ধানখেত পরিদর্শন করছিলেন। এ সময় চাঙ্গাবান্ধা শিবিরের বিএসএফ জওয়ানরা বাংলাদেশের সীমানায় ঢুকে তাঁকে লক্ষ্য করে গুলি করেন। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে এলাকাবাসী তাঁর মৃতদেহ উদ্ধার করেন। সূত্র জানায়, এ হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে স্থানীয় বিডিআরের সদস্যরা বিএসএফ কর্তৃপক্ষের কাছে একটি চিঠি পাঠিয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে।—ইউএনবি