লালমনিরহাটে অজ্ঞাত রোগে ৪৮ ঘণ্টায় নয়জনের মৃত্যু
অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বিভিন্ন গ্রামে গত ৪৮ ঘণ্টায় তিন শিশুসহ নয়জনের মৃত্যু হয়েছে। তারা হলো টংভাঙ্গার অশোক কুমারের ছেলে অরণ্য ঘোষ (৮), বেলাল হোসেনের ছেলে সাজ্জাত (৩), সানিয়াজান গ্রামের মকবুল হোসেনের মেয়ে সাবিনা (৬), গেন্দুকুড়ি গ্রামের আব্বাস আলীর ছেলে রাজ্জাক (৩২), বড়াইবাড়ী গ্রামের ওমর আলীর ছেলে আজিজুল (৩২), আমঝোল গ্রামের আবুল হোসেনের মেয়ে ইয়াসমিন (৩), দক্ষিণ গড্ডিমারী গ্রামের আহম্মদ হোসেনের ছেলে কাজল (৭), পশ্চিম বেজগ্রামের আকবর আলীর ছেলে সাদিকুল ইসলাম (২২) ও বেজগ্রামের আবদুল মান্নানের ছেলে আবদুল করিম (২২)।জানা যায়, এ রোগে আক্রান্তদের শরীরে প্রথমে থেমে থেমে জ্বর ওঠে। একপর্যায়ে জ্বর কমে এলে শরীর ঠান্ডা হয়ে যায় এবং রোগীরা বমি করতে থাকে।সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা যায়, অজ্ঞাত এ রোগে আক্রান্ত হওয়া ওই নয়জনের মধ্যে চারজনকে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ২৯ জানুয়ারি ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে এদের মধ্যে অরণ্য, সাজ্জাত ও রাজ্জাককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।পরে রাজ্জাককে রংপুর থেকে ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে পাঠানো হয়। গতকাল মঙ্গলবার অরণ্য, সাজ্জাত ও রাজ্জাক হাসপাতালে মারা যায়। একই সঙ্গে গতকাল নিজ গ্রামে মারা যায় সাবিনা।অন্যদিকে আজ বুধবার সকাল সাড়ে আটটায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান আজিজুল, দুপুরে ইয়াসমিন, কাজল, সাদিকুল ইসলাম, আবদুল করিম মারা যায়।এদিকে আজ সকাল সাড়ে ১০টায় হাতীবান্ধা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তি রানির ছেলে সুদীপ্তকে (১২) এবং স্কুলশিক্ষক অশোক কুমারের মেয়ে অনন্যাকে (৪) আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ ব্যাপারে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিমল রায় বলেন, অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে এ পর্যন্ত পাঁচজনের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন।এ ব্যাপারে লালমনিরহাট জেলা সিভিল সার্জন জাহাঙ্গীর আলম সরকার পাঁচজনের মৃত্যুর কথাই নিশ্চিত করে বলেন, পরিস্থিতি মোকাবিলায় বিশেষ চিকিত্সক দল গঠন করা হয়েছে। তিনি জানান, রোগ ও মৃত্যুর প্রকৃত কারণ বের করতে ঢাকা থেকে রোগতত্ত্ব ও রোগ নিয়ন্ত্রণ গবেষণা ইনস্টিটিউটের পরিচালকের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ চিকিত্সক দল আজ হাতীবান্ধায় এসেছে। জাহাঙ্গীর আলম এ নিয়ে আতঙ্কিত না হয়ে সবাইকে স্বাস্থ্য বিভাগের পরামর্শ ও সহযোগিতা নেওয়ার কথা বলেন।