লালমনিরহাটে এনকেফালাইটিসে আরও চারজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটে এনকেফালাইটিস বা মস্তিষ্কের প্রদাহে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা ১৬ জনে দাঁড়াল। হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আশঙ্কাজনক অবস্থায় চিকিত্সাধীন রয়েছে আটজন।সর্বশেষ মৃত ব্যক্তিরা হলেন—হাতীবান্ধা উপজেলার সুদীপ্ত রায় (১০) এবং একই উপজেলার বারইপাড়া গ্রামের বাচ্চু মিয়া (৪৫), টংভাঙ্গা গ্রামের আসাদুল ইসলাম (১৭) ও দক্ষিণ গড্ডিমারী গ্রামের জয়নাল (৪২)। হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বিমল কুমার বর্মণ জানান, ঢাকার একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় হাতীবান্ধা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তি রানীর ছেলে সুদীপ্ত আজ শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে মারা যায়। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন আসাদুল ইসলাম (১৭) গতকাল বৃহস্পতিবার রাতে মারা যান। আজ সকাল সাতটার দিকে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে জয়নালের মৃত্যু হয়। আর গতকাল রাত ১০টার দিকে বাচ্চু মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় একই স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে রাত সোয়া একটার দিকে তিনি মারা যান।