লালমনিরহাটে কৃষককে পিটিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমিসংক্রান্ত বিরোধের জের ধরে এক কৃষককে প্রতিপক্ষের লোকজন পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। আজ রোববার সকালে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ধুবনি গ্রামে এ ঘটনা ঘটে বলে দ্য ডেইলি স্টারের অনলাইন খবরে বলা হয়। নিহত ব্যক্তির নাম কোবেদ আলী (৪০)।নিহত কোবেদের পরিবারের বরাত দিয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা শাহীন ইসলাম জানান, জমি নিয়ে কোবেদ আলীর সঙ্গে তাঁর প্রতিবেশী জুবেদ আলীর অনেক দিন ধরে বিরোধ চলে আসছিল। আজ সকাল সাড়ে সাতটার দিকে কোবেদ বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে তাঁর ধানের জমিতে যান। এ সময় সেখানে জুবেদ আলীর পক্ষের কয়েকজন লাঠি দিয়ে কোবেদকে মারধর করে। এতে ঘটনাস্থলেই কোবেদ মারা যান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে মর্গে পাঠায়।এদিকে কোবেদের মুত্যুর পর পরই জুবেদ এবং মারধরের ঘটনায় অংশ নেওয়া তাঁর পক্ষের লোকজন পালিয়ে গেছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আটজনকে আসামি করে একটি হত্যা মামলা করেছে।