লালমনিরহাটে খাদ্যে বিষক্রিয়ায় ৩৪ জন হাসপাতালে
লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ বাজারের একটি হোটেলে ময়দার তৈরি পরোটা খেয়ে অসুস্থ হয়ে ৩৪ জন লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানা গেছে।আজ রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অসুস্থদের সবার বাড়ি খুনিয়াগাছ বাজারসংলগ্ন টেপারহাট গ্রামে।হাসপাতালে ভর্তি হওয়া লালমনিরহাট সদর উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য আবদুস সালাম (৫৫) বলেন, আজ সকালে খুনিয়াগাছ বাজারের শাহিনুর রহমানের হোটেলে পরোটা খাওয়ার পর প্রথমে বমি বমি ভাব হয়। পেট ফুলে যেতে থাকে এবং পাতলা পায়খানা শুরু হয়। পরে দুপুর ১২টার দিকে লালমনিরহাট সদর হাসপাতালে এসে ভর্তি হন তিনি। ভর্তি হওয়া অন্য রোগীরা একই ধরনের উপসর্গ নিয়ে বেলা ১১টা থেকে একটার মধ্যে সদর হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি হয়েছেন বলে জানা গেছে।লালমনিরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিত্সক আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সব রোগীরই খাদ্যে বিষক্রিয়া হয়েছে বলে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় জানা গেছে।এদিকে খুনিয়াগাছ বাজারের সেই হোটেলের মালিক শাহিনুর রহমান এবং একই বাজারের ময়দার দোকানদার আকবর হোসেন এ ঘটনার পর থেকেই দোকান বন্ধ করে পালিয়ে গেছে বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে।