লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট সীমান্তে রাশেদুল হক (৩০) নামে এক যুবক হত্যা মামলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) চার সদস্যকে আটক করা হয়েছে। তাঁরা লালমনিরহাট ৩১ বিজিবির মোগলহাট ক্যাম্পের সদস্য।পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) গতকাল বৃহস্পতিবার দুপুরে তাঁদের আটক করে লালমনিরহাট আমলি আদালত-১-এ সোপর্দ করে। আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এ ব্যাপারে লালমনিরহাট ৩১ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর রুহুল আমিন বলেন, রাশেদুল হত্যা মামলায় ব্যাটালিয়নে ক্লোজ অবস্থায় থাকা হাবিলদার মাহবুব, নায়েক মোহাম্মদ আলী, সেপাই সোলেমুদ্দিন ও মো. আল-আমিনকে সিআইডির অনুরোধে গতকাল দুপুরে তাঁদের কাছে হস্তান্তর করা হয়। আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। লালমনিরহাট সিআইডি পুলিশের এসআই ইসমাইল হোসেন বলেন, রাশেদুল হত্যা মামলাটি বর্তমানে সিআইডি পুলিশ তদন্ত করছে। তিনি বলেন, এ কারণে বিজিবি কর্তৃপক্ষ আসামিদের আদালতে সোপর্দ করতে সিআইডির কাছে হস্তান্তর করে। এ মামলায় আরেক আসামি সাইদুর রহমান এর আগে আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাঁকেও জেলহাজতে পাঠায়।২০১০ সালের ১৮ আগস্ট গভীর রাতে মোগলহাট ইউনিয়নের কর্ণপুর মৌজার চওড়াটারী গ্রামের আবদুল হকের ছেলে রাশেদুলকে বাড়িসংলগ্ন এলাকা থেকে ধরে নিয়ে যাওয়া হয়। ঘটনার দুই দিন পর ধরলা নদী থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। ওই দিনই লালমনিরহাট সদর থানায় নিহত যুবকের বাবা আবদুল হক মোগলহাট বিজিবি ক্যাম্পের চারজন সদস্যসহ পাঁচজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।