লালমনিরহাটে জামায়াতের আমিরসহ ৪ জনকে আদালতে হাজিরের নির্দেশ
জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীসহ চারজনকে আগামী ২৫ মে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন লালমনিরহাটের বিচারিক হাকিম। মহানবী (সা.)-এর সঙ্গে নিজামীকে তুলনা করে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগ এনে আজ রোববার এই আদালতে মামলা করা হয়। প্রাথমিক শুনানি শেষে আদালত এ আদেশ দেন। মামলাটি করেন লালমনিরহাট জেলা বারের সাবেক সভাপতি মতিয়ার রহমান।মামলার অন্য তিন আসামি হলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা মহানগর শাখার আমির রফিকুল ইসলাম খান ও জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও পল্টন থানা জামায়াতের আমির শফিকুল ইসলাম।মামলার বাদী মতিয়ার রহমান বলেছেন, ‘ধর্ম ব্যবসায়ী, ধর্মের অপব্যাখ্যাকারী ও যুদ্ধাপরাধী জামায়াত নেতাদের বিরুদ্ধে ধর্মপ্রাণ মুসলিম হিসেবে বিবেকের তাড়নায় মামলা করেছি।’