লালমনিরহাটে দুই দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ৪
লালমনিরহাটে গত দুই দিনে তিনটি সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। আজ সোমবার ও গতকাল রোববার জেলার হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলায় এসব দুর্ঘটনায় ২০ জন আহত হয়েছেন।আজ সোমবার সকাল পৌনে সাতটায় ঢাকা থেকে বুড়িমারীগামী হানিফ পরিবহনের একটি বাস হাতীবান্ধার পারুলিয়া বাজার এলাকায় বাইসাইকেল আরোহী টিঅ্যান্ডটি কর্মী রশিদুল ইসলাম (৫০) ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।বেলা সোয়া একটায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের সিংগীমারী এলাকায় রংপুর থেকে পাটগ্রামগামী বিনোদন পরিবহনের একটি বাস ইয়াকুব আলী (৫৫) নামে এক ব্যক্তিকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তিনি ঠেংঝাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ দুটি ঘটনায় থানায় পৃথক দুটি মামলা হয়েছে।এর আগে গত রোববার বিকেলে পাটগ্রামের বাউরা জুম্মাপাড়া এলাকায় পাটগ্রাম থেকে রংপুরগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নদীতে পড়ে যায়। এতে ওই বাসের যাত্রী পাটগ্রামের পশ্চিম জগতবের গ্রামের রবিউল ইসলামের স্ত্রী রোজিনা বেগম (৩৫) ও তাঁর মেয়ে রোমানা খাতুন (৫) ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় ২০ জন যাত্রী আহত হন।পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল করিম মো. ইফতেসাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহত রোজিনা বেগমের স্বামী বাদী হয়ে রোববার রাতে থানায় মামলা করেছেন।