লালমনিরহাটে দুই শিক্ষকসহ আরও তিনজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ দুই শিক্ষকসহ আরও তিনজনকে আটক করেছে। রংপুরের গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে গতকাল বুধবার লালমনিরহাট থেকে তাঁদের গ্রেপ্তার করে। তাঁরা হলেন, লালমনিরহাট সরকারি উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মতিয়ার রহমান, হাতীবান্ধা উপজেলার নওদাবাঁশ উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক আনিসুর রহমান ও তাঁর ভাই আমজাদ হোসেন। আমজাদ হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। বিজি প্রেসের কম্পোজিটর এ টি এম মোস্তফার স্বীকারোক্তি অনুযায়ী তাঁদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ময়নুল ইসলাম জানান, প্রশ্নপত্র ফাঁসের ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে গোয়েন্দা পুলিশ মতিয়ারকে আটক করে রংপুরে নিয়ে গেছে।হাতীবান্ধা থানার ওসি এনামুল করিম জানান, একই মামলায় আমজাদ ও আনিসুর রহমানকে গোয়েন্দা পুলিশ আটক করেছে। প্রশ্নপত্র ফাঁসের মামলার তদন্ত কর্মকর্তা রংপর ডিবি পুলিশের ওসি আবদুল মান্নান জানান, লালমনিরহাট থেকে যাঁদের গ্রেপ্তার করা হয়েছে, তাঁরাও প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত বলে জানা গেছে। তাঁদের মাধ্যমে পরীক্ষার্থী সংগ্রহ করাসহ টাকা লেনদেন করা হতো। গত ৮ জুলাই ঘটনাস্থল গঙ্গাচড়া উপজেলার খলেয়া ইউনিয়নে অবস্থিত বিনোদনকেন্দ্র ভিন্নজগত থেকে মাধ্যমিকের প্রশ্নপত্রসহ ১৬৭ জনকে গ্রেপ্তার করে পুলিশ। সেদিন ভিন্নজগত থেকে একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়। ওই মোটরসাইকেলের স্বত্বাধিকারী রংপুর জিলা পরিষদের অফিস সহকারী আলাউদ্দিন ও আমজাদ হোসেনকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে ঘটনার দিন থেকে তাঁরা পলাতক। রংপুরের পুলিশ জানিয়েছে, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৪৩ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বাকিদেরও পর্যায়ক্রমে জিজ্ঞাসাবাদ করা হবে। রংপুরের পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর জানান, গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে আরও অনেক তথ্য জানা যাবে। পুলিশ ঢাকায় আরও কয়েকজনকে গ্রেপ্তারের চেষ্টা করছে। তবে তাঁদের খুঁজে পাওয়া যাচ্ছে না।