৩৬ ঘণ্টা নিখোঁজ থাকার পর লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের চওড়াটারী গ্রামের রাশেদুল হকের (২৫) লাশ পাওয়া গেছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের ধরলা নদীর কলাখাওয়া ঘাট থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। লাশের দেহে আঘাতের চিহ্ন দেখা গেছে।রাশেদুলের বাবা আবদুল হক গত বৃহস্পতিবার অভিযোগ করেন, মোগলহাট বিওপি বিডিআর ক্যাম্পের সদস্যরা বুধবার সন্ধ্যায় তাঁদের সামনে রাশেদুলকে নির্যাতনে হত্যা করে লাশ সীমান্তবর্তী ধরলায় ফেলে দেন।এদিকে এ ঘটনায় বৃহস্পতিবার রাতে মোগলহাট বিওপি ক্যাম্পের চার বিডিআর সদস্যকে লালমনিরহাট ৩১ রাইফেল ব্যাটালিয়নে প্রত্যাহার করা হয়েছে। তাঁরা হলেন, হাবিলদার মাহাবুব আলম, ল্যান্স নায়েক মোহাম্মদ আলী, সেপাই আল-আমিন ও আবদুল জলিল।৩১ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আসলাম হোসেন গতকাল মুঠোফোনে সাংবাদিকদের জানান, ‘অভিযুক্ত বিডিআর সদস্যদের বিরুদ্ধে তদন্ত চলছে। দোষী সাব্যস্ত হলে তাঁদের বিরুদ্ধে বিডিআর আইনে ব্যবস্থা নেওয়া হবে।’ কলাখাওয়া গ্রামের বাসিন্দারা জানান, সকাল সাড়ে সাতটার দিকে তাঁরা ধরলার ঘাটে একটি লাশ দেখতে পান। মুহূর্তে খবরটি ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সদর থানার পুলিশ, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট জিলাল হোসেন, রাশেদুলের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে যান। পরিবারের সদস্যরা লাশ শনাক্ত করেন। দুপুর একটার দিকে লাশটি মোগলহাটের বুমকা গ্রামের ধরলা নদীর জোবায়দুলের ঘাটে আনা হয়। ক্ষতবিক্ষত লাশ দেখে মোগলহাট ইউনিয়নের কর্ণপুর, চওড়াটারী, মেঘারাম, বুমকা, ইটাপোতা, ভাটিবাড়ী ও ফুলগাছ এবং পাশের লালমনিরহাট পৌরসভা ও কুলাঘাট ইউনিয়নের কয়েক হাজার লোক ক্ষোভে ফেটে পড়ে। তারা আধা ঘণ্টার মতো থেমে থেমে বিক্ষোভ মিছিল করে। এ সময় তারা ‘হত্যাকারী বিডিআরকে গ্রেপ্তার কর, বিচার চাই’, ‘জনগণের ওপর বিডিআরের অত্যাচার চলবে না’—এই বলে স্লোগান দেয়। উত্তেজিত জনগণকে সামাল দিতে পুলিশ, ম্যাজিস্ট্রেটসহ মোগলহাটের ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদস্যরা হিমশিম খান।এরপর জোবায়দুলের ঘাটে ম্যাজিস্ট্রেট জিলাল হোসেনের উপস্থিতিতে সদর থানার উপপরিদর্শক (এসআই) মাহাবুব লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। এ সময় রাশেদুলের মুখমণ্ডল, বুক, দুই হাত ও দুই পায়ে গুরুতর আঘাতের চিহ্ন দেখা গেছে। পরে লাশটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে বিকেল পাঁচটার দিকে লাশটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।সুরতহাল প্রতিবেদন প্রসঙ্গে ম্যাজিস্ট্রেট জিলাল হোসেন প্রথম আলোকে বলেন, ‘লাশের দেহে, হাতে, মুখে ও পায়ে আঘাতের কালো দাগ পাওয়া গেছে। এটাকে আপাতত আঘাতের চিহ্ন বলেই মনে হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।’ রাশেদুলকে নির্যাতন চালিয়ে হত্যার পর লাশ নদীতে ফেলে দেওয়ার অভিযোগে কয়েক হাজার গ্রামবাসী গত বুধবার রাত নয়টা থেকে ১২টা পর্যন্ত মোগলহাট বিডিআর ক্যাম্প ঘেরাও করে। ঘটনা তদন্তে পরের দিন বৃহস্পতিবার বিডিআর ও জেলা প্রশাসন পৃথক দুটি কমিটি গঠন করে।