লালমনিরহাটে পরিবহন ধর্মঘট প্রত্যাহার
লালমনিরহাট-ঢাকা চলাচলকারী দূরপাল্লার বাস সার্ভিসের ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আজ শনিবার প্রত্যাহার করা হয়েছে। গতকাল শুক্রবার এ ধর্মঘট ডাকা হয়েছিল।লালমনিরহাট জেলা মোটর মালিক সমিতি সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ জেলার চান্দাইকোনা বাজারে ৩ জুলাই রাতে লালমনিরহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কয়েকটি দূরপাল্লার বাসে ভাঙচুর চালান স্থানীয় শ্রমিকেরা। এ সময় ওই সব নৈশ কোচের শ্রমিকদের মারধর করা হয়। একই সঙ্গে রাস্তা আটকিয়ে লালমনিরহাটের গাড়ি ঢাকা যেতে বাধা দেওয়া হয়। ফলে বাসগুলো লালমনিরহাট ফিরে আসে।এ ঘটনার জের ধরে লালমনিরহাট জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়ন গতকাল থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডাক দেয়।লালমনিরহাট জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আমিরুল ইসলাম বলেন, সিরাজগঞ্জ জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়ন এ ধরনের অপ্রীতিকর ঘটনা আর ঘটবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে। এরপর আজ ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে বলে তিনি জানান।লালমনিরহাট-ঢাকা রুটে চলাচলকারী তিস্তা পরিবহনের মালিক সাইফুল ইসলাম বলেন, ধর্মঘট প্রত্যাহার হওয়ায় আজ থেকে আবার স্বাভাবিক নিয়মে বাস চলাচল করবে।