লালমনিরহাটে প্রতিমন্ত্রীর ভাতিজা কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের ভাতিজা ও হাতিবান্ধা উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মীর সাব্বির হোসেনকে (২৭) গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার বিকেলে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।তিস্তা ব্যারাজ নিরাপত্তায় নিয়োজিত কর্মীদের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে সাব্বিরকে আটক করে হাতিবান্ধা থানার পুলিশ। আজ বিকেলে তাঁকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়। সাব্বির নিজেকে নির্দোষ দাবি করেছেন। সাব্বিরকে ছেড়ে দেওয়ার দাবিতে ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা আজ হাতিবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড় ও বাসস্ট্যান্ড এলাকায় লালমনিরহাট-পাটগ্রাম-বুড়িমারী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পুলিশ ও তিস্তা ব্যারাজ-সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা যায়, ১১ মার্চ থেকে তিস্তা ব্যারাজের ওপর দিয়ে ২০ টনের বেশি ওজনের পণ্যবোঝাই পরিবহন চলাচল বন্ধ করে দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কিন্তু ওই নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্যারাজের ওপর দিয়ে ৩০-৩২ টন ওজনের পরিবহন চলাচলের জন্য চাপ সৃষ্টি করেন ক্ষমতাসীন দলের কতিপয় প্রভাবশালী নেতা। এতেও কাজ না হলে তিস্তা ব্যারাজের সহকারী পরিচালক (নিরাপত্তা) প্রকৌশলী হাফিজুর রহমানকে হত্যার হুমকি দেয় অজ্ঞাত দুর্বৃত্তরা। এ ব্যাপারে হাফিজুর রহমান নিজের জীবনের নিরাপত্তা ও পেশাগত কাজে সহযোগিতা চেয়ে ১৬ মার্চ হাতিবান্ধা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।অভিযোগ রয়েছে, গত রোববার সন্ধ্যায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের ভাইয়ের ছেলে সাব্বির তাঁর দল নিয়ে ব্যারাজে কর্তব্যরত কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা চালিয়ে তাঁদের তাড়িয়ে দেন। এ সময় তাঁরা টোল প্লাজায় অবস্থান নিয়ে অতিরিক্ত পণ্যবোঝাই প্রায় ২০টি ট্রাক ব্যারাজের ওপর দিয়ে পারাপার করান। খবর পেয়ে হাতিবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা সারওয়ার হোসেন ও থানার ওসি তাপস সরকার ঘটনাস্থলে পৌঁছে সাব্বিরকে আটক করেন। আজ বিকেলে তাঁকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে জেলা কারাগারে পাঠানো হয়েছে। হাতিবান্ধা উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. তফিউজ্জামান দাবি করেন, সাব্বিরকে হয়রানিমূলকভাবে আটক ও পরে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। এ জন্য সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। সাব্বিরকে ছেড়ে দেওয়া না হলে আরও আন্দোলনের হুমকি দেন তফিউজ্জামান। হাতিবান্ধা থানার ওসি তাপস সরকার বলেন, সাব্বিরকে তিস্তা ব্যারাজের নিরাপত্তাকাজে বাধা দেওয়ার অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) উপস্থিতিতে আটক করা হয়। আজ তাঁকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে লালমনিরহাট আদালতে পাঠানো হয়েছে। লালমনিরহাট পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, সাব্বিরকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।