লালমনিরহাটে প্রথম আলোর গাড়িতে হামলা, চালককে মারধর
লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নে প্রথম আলোর পত্রিকা বহনকারী গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ ছাড়া তারা গাড়িতে থাকা প্রায় ১১ হাজার টাকা ছিনতাই করেছে। এ ঘটনায় গাড়িচালক নূর ইসলাম আহত হয়েছেন। তাঁকে লালমনিরহাট সদর হাসপাতালে চিকিত্সা দেওয়া হয়েছে।আজ রোববার বেলা দেড়টার দিকে লালমনিরহাটের মহেন্দ্রনগর ইউনিয়নের চিনিপাড়া দিয়ে প্রথম আলো পত্রিকা নিয়ে কুড়িগ্রামে যাওয়ার পথে এই ঘটনা ঘটে।এ ঘটনায় গাড়িচালক নূর ইসলাম বাদী হয়ে হামলাকারীদের বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় আজ বিকেলে লিখিত অভিযোগ করেছেন। জানা গেছে, প্রথম আলো পত্রিকা বহনকারী গাড়িটি নিয়ে ঘটনাস্থলে পৌঁছালে একটি অটোরিকশার চালকের সঙ্গে সাইড দেওয়া নিয়ে নূর ইসলামের বাগিবতণ্ডা হয়। ঘটনাস্থলে উপস্থিত চিনিপাড়া গ্রামের বল্টু মিয়ার ছেলে লোটাস (২৪), চটকু মিয়ার ছেলে জুয়েল (২৫), ফয়েজ আলীর ছেলে জাহাঙ্গীর আলমসহ (২৫) আট-দশজনের একটি দল কোনো কিছু না শুনেই নূর ইসলামকে মারধর করেন। এ সময় হামলাকারীরা গাড়িটি ভাঙচুর করে এবং গাড়ি থেকে ১০ হাজার ৮০০ টাকা নিয়ে যায়। খবর পেয়ে লালমনিরহাট পিক আপ স্ট্যান্ড থেকে অন্য চালকেরা ঘটনাস্থলে গিয়ে চালক নূর ইসলামকে উদ্ধার করে চিকিত্সার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে আসেন।লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জমির উদ্দিন বলেন, নূর ইসলাম লিখিত অভিযোগ দিয়েছেন। এ ব্যাপারে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।