লালমনিরহাটে বিএনপির ১৪ নেতা-কর্মীর কারাদণ্ড
লালমনিরহাট জেলা ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে পেশাগত দায়িত্ব পালনকালে তিনজন সাংবাদিককে ধাওয়া করা এবং অতিরিক্ত সরকারি কৌঁসুলির চেম্বার ভাঙচুরের ঘটনায় বিএনপির ১৪ নেতা-কর্মীকে কারাদণ্ড দেওয়া হয়েছে।আজ সোমবার বিকেলে লালমনিরহাট জ্যেষ্ঠ বিচারিক হাকিম মেহেদী হাসান মণ্ডল এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে এ মামলা থেকে তিনজনকে খালাস দেওয়া হয়। রায় ঘোষণার পর সাজাপ্রাপ্ত ১৪ জনকেই জেলা কারাগারে পাঠানো হয়।উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট দুপুরে প্রথম আলোর লালমনিরহাট জেলা প্রতিনিধি আবদুর রব, মানবজমিন জেলা প্রতিনিধি মিলন পাটোয়ারী ও আজকালের খবরের জেলা প্রতিনিধি আশিকুর রহমান বিএনপির ডাকা একটি হরতালের মামলায় ৩৫ জনের জামিন নামঞ্জুরের তথ্য সংগ্রহের জন্য লালমনিরহাট জেলা আদালত চত্বরে যান। এ সময় পৌর বিএনপির সদস্য ও ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আনিছুর রহমানের নেতৃত্বে অভিযুক্ত আসামিরা সংঘবদ্ধভাবে আক্রমণের উদ্দেশে ওই তিন সাংবাদিককে ধাওয়া করেন। আত্মরক্ষার্থে ওই সাংবাদিকেরা লালমনিরহাট জেলা আদালত চত্বরে অবস্থিত অতিরিক্ত পাবলিক প্রসিকিউটরের (এপিপি) চেম্বারে আশ্রয় নিয়ে ভেতর থেকে চেম্বারের দরজা বন্ধ করে দেন।ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতা-কর্মীরা হামলা চালিয়ে চেম্বারের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং আসবাবপত্র ভাঙচুর করেন। এ সময় চেম্বারে আশ্রয় নেওয়া সাংবাদিকদের বাঁচাতে গিয়ে এপিপির সহকারী আবদুল খালেক আহত হন।এ ব্যাপারে ওই দিনই লালমনিরহাট অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সফুরা বেগম বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় একটি মামলা করেন। মামলায় ২২ জনকে অভিযুক্ত করা হয়।লালমনিরহাট সদর থানার এসআই ও এই মামলার তদন্তকারী কর্মকর্তা মাহবুবুল হাসান ১৬ আগস্ট ১৮ জনকে অভিযুক্ত করে লালমনিরহাট মুখ্য বিচারিক হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করেন।পরে সাজা পাওয়া এই ১৪ আসামি ২০ জানুয়ারি আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তা নামঞ্জুর করে তাঁদের কারাগারে আটক রাখার নির্দেশ দিয়েছিলেন।