লালমনিরহাটে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বুড়িরহাট সীমান্তে আজ রোববার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সিরাজুল ইসলাম (৩৫) নামের এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি উপজেলার লতাবর গ্রামের মো. আবুল হোসেনের ছেলে।এ ঘটনায় সিরাজুলের ভাই শফিকুল ইসলাম বাদী হয়ে স্থানীয় সাতজন গরু ব্যবসায়ীর বিরুদ্ধে কালীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেছেন। এ বিষয়ে শফিকুল জানান, স্থানীয় সাত গরু ব্যবসায়ী তাঁর ভাইকে (সিরাজুলকে) সীমান্ত এলাকায় ডেকে নিয়ে যাওয়ার পর বিএসএফ গুলি ছোড়ে। তাই ওই গরু ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বিজিবি ও স্থানীয়রা জানান, কালীগঞ্জ উপজেলার বুড়িরহাট বিওপির আওতাধীন চন্দ্রপুর সীমান্ত সংলগ্ন মালদহ নদীর তীরবর্তী এলাকায় গরু নিয়ে যাওয়ার পথে আজ ভোর পৌনে পাঁচটার দিকে বিএসএফের সদস্যরা পাঁচটি গুলি ছোড়েন। এতে সিরাজুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে বাংলাদেশের সীমানায় নিয়ে আসেন। এর কিছুক্ষণ পর তিনি মারা যান। এ ব্যাপারে লালমনিরহাট ১৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুবুর রহমান বলেন, ‘বিএসএফের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে, আজ ভোরে বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায় একদল গরু ব্যবসায়ী হট্টগোল করতে থাকলে বিএসএফের সদস্যরা তাঁদের চলে যেতে বলেন। কিন্তু সেখান থেকে তাঁরা সরে না গেলে বিএসএফ গুলি ছোড়ে।’ কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুজ্জামান জানান, গরু ব্যবসায়ী হত্যার ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।