লালমনিরহাটে ভিজিএফের চাল না পেয়ে আড়াই হাজার লোকের ঈদ মাটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিজিএফের চাল না পাওয়ায় ঈদের আনন্দ থেকে বঞ্চিত হয়েছে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোড়ল ও চন্দ্রপুর ইউনিয়নের প্রায় আড়াই হাজার দরিদ্র লোক। ঈদের এক দিন আগে তালিকাভুক্ত হওয়া এসব লোক রমজান ও ঈদ উপলক্ষে দেওয়া বিশেষ ভিজিএফের ১০ কেজি করে চাল পাওয়ার কথা ছিল। সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, রমজান ও ঈদ উপলক্ষে উপজেলার আটটি ইউনিয়নে দুস্থদের জন্য ১০ কেজি করে চাল বিতরণের বিশেষ বরাদ্দ আসে। এসব বরাদ্দ উপজেলা প্রশাসনের মাধ্যমে ইউনিয়ন পরিষদ বিতরণ করার কথা। সেই হিসেবে বরাদ্দ আসা চাল ছয়টি ইউনিয়নে বিতরণ করা হয়। বাদ পড়ে গোড়ল ও চন্দ্রপুর ইউনিয়ন। এ দুটি ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল ইসলাম ও জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গত ১১ আগস্ট উপজেলা ভিজিএফ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী চন্দ্রপুর ইউনিয়নে এক হাজার ৩৯৭টি এবং গোড়ল ইউনিয়নে এক হাজার ৮০টি পরিবারের জন্য ১০ কেজি করে চাল বরাদ্দ পাওয়া যায়। এরপর এ দুটি ইউনিয়নের অগ্রাধিকার তালিকা তৈরি করে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়। পরে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অন্যান্য ইউনিয়নের চালের ছাড়পত্র দিলেও এ দুটি ইউনিয়নের ক্ষেত্রে ৩০ শতাংশ কার্ড দাবি করেন। গোড়ল ও চন্দ্রপুরের চেয়ারম্যানরা বলেন, ‘এই দাবিতে রাজি না হওয়ায় আমাদের ইউনিয়নের বরাদ্দকৃত বিশেষ ভিজিএফের চাল বিতরণ স্থগিত করা হয়।’ তাঁরা বলেন, বিষয়টি লালমনিরহাটের জেলা প্রশাসক মোখলেছার রহমান সরকারসহ সরকারের উচ্চ মহলে জানানো হয়েছে। এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুজ্জামান আহমেদের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি।জেলা প্রশাসক মোখলেছার রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘এ দুটি ইউনিয়নের চেয়ারম্যানদের লিখিত আবেদন পাওয়ার পর বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও স্থানীয় মহাজোট নেতাদের জানিয়েছি।’