লালমনিরহাটে সাংসদের হাতে কলেজশিক্ষক লাঞ্ছিত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও লালমনিরহাট-২ (আদিতমারী-কালিগঞ্জ) আসনের সাংসদ আলহাজ মজিবর রহমান আদিতমারী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রিয়াজ উদ্দিন মিন্টুকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার সকালে সাংসদের আদিতমারীর বাড়িতে এ ঘটনা ঘটেছে। মিন্টু সাংসদের বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন। জানা গেছে, সাংসদ মজিবর রহমান গত ২ অক্টোবর কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগের ঘটনায় কলেজ মাঠে লাঞ্ছিত হন। তিনি এ ঘটনার জন্য দোষ চাপান আদিতমারী ডিগ্রি কলেজের মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মো. রিয়াজ উদ্দিন মিন্টুর ওপর। সাংসদ আদিতমারী ডিগ্রি কলেজের সভাপতি। তাই তাঁর নির্দেশে কলেজের অধ্যক্ষ আজিজার রহমান মিন্টুকে কারণ দর্শানোর নোটিশ দেন। নোটিশের জবাব দিয়ে ঘটনাটি মীমাংসার জন্য এলাকার গণ্যমান্য ব্যক্তিসহ ওই কলেজশিক্ষক আজ বুধবার সকালে সাংসদের আদিতমারীর বাসায় যান। আলাপ-আলোচনার একপর্যায়ে সাংসদ উত্তেজিত হয়ে কলেজশিক্ষক মিন্টুকে অশ্লীল ভাষায় গালাগাল দেন। একপর্যায়ে অতর্কিতভাবে ওই শিক্ষকের শার্টের কলার ধরে লাঞ্ছিত করেন। এতে মিন্টু মাটিতে পড়ে যান। এ সময় আশপাশের লোকজন ছুটে এসে তাঁকে উদ্ধার করেন। মিন্টুকে উদ্ধার করতে এগিয়ে আসা কলেজশিক্ষক মিনহাজ উদ্দিন, রোকনুজ্জামান, হাফেজ উদ্দিন, আ. জলিলসহ আরও কয়েকজন সাংসদের হাতে লাঞ্ছিত হন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে সাংসদ মজিবর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও সেটি বন্ধ পাওয়া যায়। কলেজশিক্ষক মিন্টু প্রথম আলোকে বলেন, ‘ঘটনাটির প্রতিকার চেয়ে আমি আজ দুপুরে জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ করেছি।’জেলা প্রশাসক মোখলেছার রহমান সরকার বলেন, ‘আমি অভিযোগের কপিটি এখনো পাইনি। পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেব।’ আদিতমারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আজিজার রহমান বলেন, তিনি ঘটনাটি শুনেছেন। একজন কলেজশিক্ষককে লাঞ্ছিত করার ঘটনা অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক।