লালমনিরহাটে স্কুলে হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৪
লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হামলার ঘটনায় ১৭ জনের নাম উল্লেখ করে ২৭ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। এ মামলার এজাহারভুক্ত চার আসামিকে গতকাল বৃহস্পতিবার লালমনিরহাট সদর থানার পুলিশ গ্রেপ্তার করেছে।গতকাল রাত পৌনে ১১টায় লালমনিরহাট সদর থানায় মামলাটি দায়ের করা হয়। মামলার বাদী খুনিয়াগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল হাই।মামলায় খুনিয়াগাছ ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলামসহ ১৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। আসামি করা হয়েছে অজ্ঞাত আরও ১০ জনকে।গতকাল রাতেই এ মামলার এজাহারভুক্ত আসামি মো. আশিকুজ্জামান (২০), মো. জাহাঙ্গীর আলম (২৭), আবদুল মোতালিব ও মো. হারুন অর রশিদকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে।হামলার শিকার অপর শিক্ষাপ্রতিষ্ঠান খুনিয়াগাছ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোশারফ হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, ‘ঘটনার পর সদর থানার ওসি মো. জমির উদ্দিন বিদ্যালয় পরিদর্শনে আসেন। তখন তাঁকে ঘটনার বিস্তারিত বলে ২১ জনের বিরুদ্ধে অভিযোগ দিয়েছি। অভিযোগটি গ্রহণ করা হয়েছে কি না, আমার জানা নেই।’এ ব্যাপারে লালমনিরহাট সদর থানার ওসি মো. জমির উদ্দিন বলেন, খুনিয়াগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ায় সেটি মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। মামলার চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।এক প্রশ্নের জবাবে ওসি মো. জমির উদ্দিন বলেন, ‘হামলার শিকার অপর শিক্ষাপ্রতিষ্ঠান খুনিয়াগাছ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ঘটনাস্থল পরিদর্শনের সময় আমাকে মৌখিকভাবে অভিযোগ করেছেন।’গতকাল সদর উপজেলার খুনিয়াগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও খুনিয়াগাছ উচ্চবিদ্যালয়ে হরতালকারীদের হামলায় শিক্ষক-শিক্ষার্থীসহ কমপক্ষে ১৪ জন আহত হন। প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হাই অভিযোগ করেন, সকাল সাড়ে ১০টার দিকে ক্লাস চলার সময় হরতাল-সমর্থক শতাধিক ব্যক্তি লাঠিসোঁটা নিয়ে বিদ্যালয়ে হামলা চালায়। তারা শ্রেণীকক্ষে ঢুকে বেঞ্চ, চেয়ার, টেবিলসহ অন্য আসবাব ভাঙচুর করে এবং বইপত্র ছিঁড়ে ফেলে। শিক্ষকেরা বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁদের লাঞ্ছিত করা হয়। হামলায় অন্তত ১৪ জন শিক্ষক-শিক্ষার্থী আহত হন। শিক্ষার্থীদের অনেকে বই-খাতা ও স্যান্ডেল ফেলে কাঁদতে কাঁদতে চলে যায়। একপর্যায়ে শিক্ষিকা নাজনীন জাহান বিদ্যালয়ের মাইক নিয়ে ‘স্কুলে হামলা হয়েছে, শিশুদের বাঁচান’ এমন সাহায্য চাইলে এলাকাবাসী ও অভিভাবকেরা ছুটে আসেন। এ সময় হামলাকারীরা দ্রুত চলে যায়।বিএনপির সংবাদ সম্মেলনশিক্ষাপ্রতিষ্ঠানে হরতাল-সমর্থকদের হামলার ঘটনার ব্যাখ্যা দিতে আজ শুক্রবার বিকেলে জেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে। এতে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির সভাপতি, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) ও সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান।লিখিত বক্তব্যে আসাদুল হাবিব দাবি করেন, হরতালের দিনে আওয়ামী লীগদলীয় কিছু সন্ত্রাসী বিদ্যালয়ের পাশে রক্ষিত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিবের ছবিসংবলিত বিলবোর্ড আগুন দিয়ে পুড়ে ফেলে। হরতাল প্রতিহতের জন্য আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী লাঠি-ছোরাসহ বিভিন্ন ধারালো অস্ত্র নিয়ে স্কুল প্রাঙ্গণে ত্রাস সৃষ্টি করে। এ সময় হরতাল-সমর্থকদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। ঠিক সেই সময়ে স্কুল প্রাঙ্গণে অ্যাসেম্বলি হচ্ছিল। স্কুলের পাশেই আওয়ামী লীগের সন্ত্রাসীদের অস্ত্রের মহড়ায় কোমলমতি ছোট ছোট ছাত্রছাত্রীদের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়। ভয়ে ছোটাছুটি করতে গিয়ে কয়েকজন ছাত্রছাত্রী স্কুলের উঁচু বারান্দা থেকে পড়ে সামান্য আহত হতে পারে।আসাদুল হাবিব দাবি করেন, ঘটনাটিকে ভিন্ন খাতে নিতে এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে সরকারদলীয় কিছু নেতা-কর্মী সুস্থ শিক্ষার্থীদের আহত সাজিয়ে ছবি তোলে। পরে তা গণমাধ্যমে প্রচার করে। এ ঘটনায় দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও গ্রেপ্তারকৃতদের অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানান।