লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের মেডিকেল মোড়ে বেঙ্গল গুদাম এলাকায় আজ বৃহস্পতিবার দুপুরে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন হাতীবান্ধা এলজিইডি অফিসের হিসাব সহকারী আনিছুর রহমান (৪২) ও পূর্ব বিছনদই গ্রামের আবুল কাশেম (৪০)। তাঁরা দুজনই দুর্ঘটনাকবলিত বাসের যাত্রী ছিলেন। আহত যাত্রীদের চিকিত্সার জন্য স্থানীয় হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার মেডিকেল মোড়ের বেঙ্গল গুদাম এলাকায় পাটগ্রামগামী যাত্রীবাহী একটি বাস একটি অটোরিকশাকে সাইড দিতে গেলে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে বাসটি দুমড়েমুচড়ে গেলে ঘটনাস্থলে আনিছুর ও আবুল কাশেম নিহত ও প্রায় ১৫ জন আহত হন। হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সারওয়ার হোসেন সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস কুমার সরকার বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।