লালমনিরহাটে ১৬৮টি টিয়া আটক, একজনের কারাদণ্ড
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ১৬৮টি টিয়াসহ এক পাখিব্যবসায়ীকে আটক করা হয়েছে। পরে পাখি শিকারের দায়ে ওই ব্যবসায়ীকে গতকাল রোববার রাতেই ছয় মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।সাজা পাওয়া ওই ব্যবসায়ীর নাম আতোয়ার আলী। তাঁর বাড়ি বগুড়ার দুপচাঁচিয়া এলাকায়। আটক করা পাখিগুলো লালমনিরহাট প্রাণীসম্পদ কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।জানা যায়, এ উপজেলায় ভুট্টাচাষের ভরা মৌসুম চলায় সীমান্তের ওপার থেকে ঝাঁকে ঝাঁকে আসে নানা রং ও নানা জাতের ছোটবড় টিয়া। এসব বাহারি রঙের টিয়া শিকার করতে একশ্রেণীর অসাধু পাখি শিকারি ফাঁদ পেতে পাখিগুলো ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় নিয়ে বিক্রি করেন। গতকাল রোববার রাতে পাটগ্রাম উপজেলার বুড়িমারী থেকে একটি নৈশকোচে করে ওই পাখিগুলো ঢাকা নেওয়ার পথে লালমনিরহাট বাসস্ট্যান্ডে পুলিশ এগুলো আটক করে।উল্লেখ্য, বর্তমানে বগুড়া, ঢাকা, বরিশালসহ দেশের বিভিন্ন এলাকার অর্ধশতাধিক পাখি শিকারী পাটগ্রাম উপজেলার সীমান্তের বিভিন্ন গ্রামে টিয়া শিকারের জন্য অবস্থান করছেন।