লালমনিরহাটের নয়ারহাটে ১৪৪ ধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পৌর এলাকার নয়ারহাটে একই সময়ে পাশাপাশি স্থানে ফুটবল ও হাডুডু খেলার আয়োজন করায় আইনশৃঙ্খলা অনবতির আশঙ্কায় ওই স্থানে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। আজ সোমবার দুপুর ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত হাট এলাকা ও আশপাশের ৩০০ মিটার এলাকার মধ্যে এই ১৪৪ ধারা জারি করা হয়।জানা গেছে, আজ সকালে পৌর এলাকার নয়ারহাটের দখল নিতে হাট এলাকায় নতুন ও পুরাতন ইজারাদারের পক্ষের লোকজন একই সময় পাশাপাশি স্থানে হাডুডু ও ফুটবল খেলার আয়োজন করে। খেলা দেখতে হাট এলাকায় হাজারো মানুষ জমায়েত হয়। দুই পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় জেলা প্রশাসন উভয় পক্ষকেই ওই স্থান ছেড়ে চলে যেতে বলে। কিন্তু কোনো পক্ষই স্থান ত্যাগ না করায় দুপুর ১২টার দিকে সেখানে ১৪৪ ধারা জারি করা হয়।লালমনিরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান বলেন, ‘জেলা পুলিশ সুপারের লিখিত অনুরোধের পরিপ্রেক্ষিতে নয়ারহাট এলাকায় আজ দুপুর ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করতে ১৪৪ ধারা জারির আদেশ দিয়েছি।’ পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, ‘নয়ারহাট এলাকা ও এর আশপাশে নতুন ও পুরাতন ইজারাদারের লোকজন হাডুডু ও ফুটবল খেলার নামে জমায়েত হয়ে হাটের সময় বা এর আগে-পরে সংঘর্ষে লিপ্ত হওয়ার পরিকল্পনা করছে, যাতে তাঁরা হাটের দখল নিতে পারে—এমন তথ্যের ভিত্তিতে লালমনিরহাটের এডিএমকে আইনগত ব্যবস্থা নিতে বলেছিলাম।’ এ ব্যাপারে জেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. জাহিদ হোসেন মজনু বলেন, ‘আমি সব শর্ত পূরণ করে পৌরসভা কর্তৃক নয়ারহাটের ১৪২০ সালের জন্য নিযুক্ত ও নির্বাচিত হাট ইজারাদার হিসেবে আমার লোকজন নিয়ে সকালে হাটে উপস্থিত হয়ে টোল আদায় শুরু করি। এ সময় এবং এর আগে আমাকে হাটে টোল আদায় করতে দেওয়া হবে না মর্মে বিপক্ষের লোকজন নানাভাবে হুমকি-ধমকি দিয়ে এসেছে। প্রশাসন হাটের শান্তিশৃঙ্খলা রক্ষার কথা বলে ১৪২০ বাংলা সনের প্রথম হাটের দিন সোমবার ১৪৪ ধারা দিয়ে আমাদের হাট থেকে চলে আসতে বাধ্য করে। হাটের দখল নিতে নয় বরং বৈশাখী উত্সবের অংশ হিসেবে হাট প্রীতি হাডুডু খেলার আয়োজন করা হয়েছিল। বিপক্ষের লোকজন বিষয়টি জানতে পেরে একই সময় ফুটবল খেলার আয়োজন করে।’