লালমনিরহাটের হাতীবান্ধায় ১৪৪ ধারা জারি
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় আজ শনিবার ১৪৪ ধারা জারি করা হয়েছে। উপজেলার বড়খাতা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান ও পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সংবর্ধনার আয়োজন করায় প্রশাসন এ সিদ্ধান্ত নেয়। সকাল ছয়টা থেকে রাত ১২টা পর্যন্ত এ আদেশ বলবত্ থাকবে।জানা গেছে, আজ বড়খাতা হাইস্কুল মাঠে বড়খাতা ইউপি নির্বাচনে বিজয়ী আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামান সোহেল এবং পরাজিত বিএনপি-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী সদ্য কারামুক্ত আবদুল হাইয়ের সংবর্ধনার আয়োজন করে সমর্থকেরা। এ নিয়ে বড়খাতা ইউনিয়ন জুড়ে দুই পক্ষের সমর্থকেরা পরস্পরবিরোধী প্রচারণা শুরু করে। এ অবস্থায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে হাতীবান্ধা উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে। হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুজ্জামান প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করে বলেন, বড়খাতা হাইস্কুল ও বড়খাতা রেলস্টেশনসহ বড়খাতা ইউনিয়নের যেকোনো স্থানে আজ যেকোনো ধরনের সংবর্ধনা অনুষ্ঠানের ওপর ১৪৪ ধারা জারি করা হয়েছে।