লালমাথা কুচকুচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যে দুর্লভ পাখিটির জন্য লাউয়াছড়া ও কাপ্তাই জাতীয় উদ্যান দেশি-বিদেশি পাখিদর্শকের কাছে বিশেষভাবে সমাদৃত, তার নাম লালমাথা কুচকুচি। স্বর্গবিহঙ্গ ছাড়া এমন জাঁকজমক আর চোখধাঁধানো রং খুব কম পাখিরই আছে। পাখিটি যে এ দেশেরই বাসিন্দা, সে কথা পাখিদর্শক মহলের বাইরে আজ একেবারেই অজানা। তবে দেশের বনভূমি ধ্বংস হওয়ার আগে পাখিটি এ দেশে সুলভ ও সুপরিচিত ছিল বলেই মনে হয়। পাখিটির জন্য সাধারণ মানুষের দেওয়া বাংলা নাম ‘কুচকুচি’ তারই সাক্ষ্য বহন করে। যে পাখি বাংলার আমজনতার চোখে পড়ে না, সচরাচর তার বাংলা নাম পাওয়া যায় না। বাংলায় ‘কুচকুচি’ নামটি প্রচলিত রয়েছে বলে ধারণা করা যায় যে কাঠুরিয়ারা এককালে প্রায়ই পাখিটি দেখতে পেতেন। কিন্তু এ দেশের বেহাল বনভূমিতে পাখিটি বর্তমানে দুর্লভ ও ‘বিপন্ন’ বলে বিবেচিত।পাখির জগতে যদিও খুদেরাই ঔজ্জ্বল্যে চ্যাম্পিয়ন; লালমাথা কুচকুচি একটি বড় ব্যতিক্রম। দৈর্ঘ্যে প্রায় পাতিকাকের সমান হলেও পাখিটি চাকচিক্যে মৌটুসি ও ফুলঝুরির মতো খুদে পাখিদেরও হার মানায়। এর ডানা-ঢাকনি ও লেজের পালকে যে সূক্ষ্ম কারুকাজ এবং পেটের পালকে উজ্জ্বল রক্তরং রয়েছে, তা এ দেশের আর কোনো পাখির নেই। ছেলে পাখির মাথা আগুনের মতো লাল এবং দেহে বাড়তি ঔজ্জ্বল্য। আকারে-প্রকারে বক আর কুচকুচি পুরো বিপরীতধর্মী পাখি। বকের লম্বা গলা, ঢ্যাঙা পা, সরু চঞ্চু, ছোট লেজ আর সাদামাটা রং। কুচকুচির খাটো গলা, খুদে পা, চওড়া চঞ্চু, দীর্ঘ লেজ আর বাহারি রং। বক উন্মুক্ত জলাশয়ে আহার খোঁজে, দলে থাকে এবং লোকালয়ে বাস করে। কুচকুচি গহিন বনে শিকার করে, জোড়ায় থাকে এবং নিভৃত জীবন যাপন করে।কেবল সিলেট ও চট্টগ্রাম বিভাগের পাহাড়ি বনেই লালমাথা কুচকুচি পাওয়া যায়। বাংলাদেশ ও ভারতের পূর্বে মাত্র সাতটি দেশে পাখিটি রয়েছে এবং নেপাল ছাড়া আমাদের পশ্চিমে কোথাও এই পাখি দেখা যায় না। মানুষের হাতে পরিবর্তিত হয়নি এমন পাহাড়ি বনভূমিতেই এরা বাস করে; তবে দুই হাজার মিটারের বেশি উঁচু পর্বতে থাকে না এরা। বনের ঘন ছাউনির নিচে উড়ে উড়ে এরা প্রজাপতি ও মথ শিকার করে এবং শুঁয়োপোকা ধরার জন্য পাতার ওপর ঝাঁপিয়ে পড়ে। পোকার আকাল পড়লে এরা বুনো ফল ও বাঁশের কচি পাতা খায়। তাই এর বৈজ্ঞানিক নাম ‘হার্পাক্টিস এরিথ্রোসেফালাস’ অর্থাৎ ‘লালমাথা ফলচোর’।পৃথিবীতে মাত্র ৩৯ প্রজাতির কুচকুচি পাখি আছে। কুচকুচির ইংরেজি নাম ‘ট্রোগন’। কিছু কিছু বৈশিষ্ট্যের ভিত্তিতে বিজ্ঞানীরা ট্রোগনকে একটি আলাদা পরিবার এবং পৃথক বর্গের পাখি বলে গণ্য করেন। বিষুবীয় অঞ্চলেই অধিকাংশ কুচকুচির বাস; কর্কট ও মকর ক্রান্তিরেখার বাইরে কুচকুচি কমই পাওয়া যায়। এই সীমিত গণ্ডির ভিতর দক্ষিণ ও মধ্য আমেরিকায় ২৪ জাতের, এশিয়ায় ১২ জাতের এবং আফ্রিকায় তিন জাতের কুচকুচি বাস করে। ইউরোপ ও অস্ট্রেলিয়া মহাদেশে কোনো কুচকুচি নেই। প্রাচীন ভারতের মানুষ যেমন ময়ূরকে স্বর্গীয় পাখির মর্যাদা দিয়েছিল, তেমনভাবেই দক্ষিণ আমেরিকার বিলুপ্ত সভ্যতা ‘মায়া’ ও ‘আজটেক’ সমাজে কুচকুচি ছিল পবিত্র ও পূজনীয় পাখি। গুয়াতেমালার রাষ্ট্রীয় পদকের নামকরণ কুচকুচি পাখির নামেই করা হয়েছে।আমরা জানি যে বাংলাদেশে লালমাথা কুচকুচির প্রজননকাল মে-জুন মাস। গাছের কোটরে অথবা পরিত্যক্ত কাঠঠোকরার বাসায় এরা ডিম দেয়। কত দিনে এই ডিম ফোটে, কত দিনে ছানারা বাসা ছাড়ে, কী হারে ছানা মারা যায় ইত্যাদি তথ্য পৃথিবীর কোনো বিজ্ঞানীর জানা নেই। উন্নয়নশীল ১০টি দেশের মধ্যেই পাখিটির বিস্তৃতি সীমিত বলে এ বিষয়ে গবেষণার কাজ এখনো পর্যাপ্ত নয়। এই পাখি নিয়ে এ দেশে ছোট ছোট পর্যবেক্ষণ বা গবেষণার কাজ শুরু করলে বিশ্বের প্রাণিবিজ্ঞানে উল্লেখযোগ্য অবদান রাখা সম্ভব। পাখিটিকে ‘বিপন্ন’ প্রাণীর তালিকাভুক্ত করায় এর তথ্য সংগ্রহ ও সংরক্ষণের জন্য কাজ করার দায়িত্বও রয়েছে আমাদের। আশা করি, দেশের বিশ্ববিদ্যালয়গুলো এবং বন বিভাগের গবেষক ও সংরক্ষণকামী মানুষ এ কাজে অগ্রণী ভূমিকা রাখবেন।