লালমোহনে অগ্নিকাণ্ডে নিহত ১
ভোলার লালমোহন বাজারে গতকাল রোববার রাতে অগ্নিকাণ্ডে একজন নিহত হয়েছে। দমকল বাহিনীর চার সদস্যসহ আহত হয়েছে ৩৫ জন। আগুনে পুড়ে গেছে শতাধিক দোকান। এতে প্রায় ২০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।বৈদ্যুতিক শটসার্কিট থেকে এ অগ্নিকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে দমকল বাহিনী।নিহত ব্যক্তির নাম দুলাল (১৭)। তিনি লালমোহন বাজারে বিনোদন সিনেমা হলের অপারেটর ছিলেন।বাজারের ব্যবসায়ীরা জানান, রোববার রাত সোয়া ১১টার দিকে মধ্য বাজারে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন মধ্যবাজারের মহাজন হাফিজ উদ্দিন এভিনিউ ও কামারপট্টি এলাকার বিভিন্ন দোকানে ছড়িয়ে পড়ে।ভোলা, লালমোহন, বোরহানউদ্দিন ও চরফ্যাশন উপজেলার দমকল বাহিনী প্রায় তিন ঘণ্টা চেষ্টা করে রাত আড়াইটার দিকে আগুন নেভাতে সক্ষম হয়।লালমোহন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলী আহমেদ ব্যাপারী জানান, আগুনে দুটি সিনেমা হল, মুদি, কাপড়, টিন, সার, কীটনাশক এবং ভুসা মালের আড়তসহ শতাধিক দোকান পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মতে, আগুনে প্রায় ২০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শীল মনি চাকমা জানান, আগুনে গুরুতর আহতদের লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।