লালমোহনে চালের দাবিতে জেলেদের বিক্ষোভ, গুদামে তালা
ভোলার লালমোহন উপজেলায় চেয়ারম্যানের বিরুদ্ধে চাল চুরির অভিযোগ এবং বরাদ্দকৃত চাল না পাওয়ায় বিক্ষোভ করে ইউনিয়ন পরিষদ ঘেরাও ও গুদামে তালা ঝুলিয়ে দিয়েছেন বেকার জেলেরা।আজ শুক্রবার সকাল সাড়ে নয়টায় উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নে এ ঘটনা ঘটে। বিক্ষুব্ধ জেলেদের ভয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গা ঢাকা দিয়েছেন।বিক্ষুব্ধ জেলেরা জানান, গত দুই মাস মেঘনায় সব ধরনের জাল ফেলা নিষিদ্ধ ছিল। এ জন্য সরকার বেকার জেলেদের জন্য বিশেষ ভিজিএফের আওতায় একটি জেলে পরিবারকে চার মাসে ১২০ কেজি চাল বরাদ্দ করেছে। কিন্তু তিন মাস চলে গেলেও লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যন কোনো চাল বিতরণ করেননি। আজ সকালে ফেব্রুয়ারি মাস বাদ দিয়ে মার্চের চাল বিতরণ করার জন্য জেলেদের ডাকা হয়। কিন্তু এসে দেখা যায়, জেলেদের নামে বরাদ্দ না হয়ে দলীয় কর্মী ও অন্য পেশার লোকদের নামে চাল বরাদ্দ করা হয়েছে। তা ছাড়া আজ ৩৬ টন চাল বিতরণ করার কথা থাকলেও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. কামাল পরিষদে ২৬ টন চাল এনে বাকি ১০ টন চাল বিক্রি করে দিয়েছেন। এ কারণে জেলেরা বিক্ষোভ করে গুদামে তালা লাগিয়ে চেয়ারম্যানকে ধাওয়া করেছেন। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত বিক্ষুব্ধ জেলেরা ইউনিয়ন পরিষদ ঘেরাও করে রেখেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিদ্দিকুর রহমান প্রথম আলোকে বলেন, ওই ইউনিয়নে কমিটি গঠন ও তালিকা প্রণয়ন নিয়েও ঝামেলা হয়েছে। এ জন্য জেলেরা খেপেছেন। এ ছাড়া চাল বিক্রির যে অভিযোগ পাওয়া গেছে তার তদন্ত চলছে।