লালমোহনে নির্বাচনী প্রচারণাকালে সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার লালমোহন পৌর নির্বাচন নিয়ে গণসংযোগকালে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ছাত্রলীগের তিন কর্মীকে কুপিয়ে জখম করা হয়। পরে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।আজ মঙ্গলবার বেলা একটার দিকে লালমোহনের নয়ানি গ্রামের স্বনির্ভর রোড এলাকায় এ ঘটনা ঘটে। এ নিয়ে ওই গ্রামে গত কয়েক দিনে চার দফায় সংঘর্ষ হলো।স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘর্ষে গুরুতর জখম ছাত্রলীগের নেতা মজিবর রহমান, কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সৌরব হাওলাদার, কালমা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাকসুদকে লালমোহন সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী এমদাদুল ইসলামের অভিযোগ, আজ বেলা একটার দিকে ছাত্রলীগের একটি পক্ষ তাঁর পক্ষে প্রচারণা চালাতে নয়ানি গ্রামে যায়। এ সময় বিএনপির মেয়র পদপ্রার্থী এনায়েত কবীরের কর্মীবাহিনী ছাত্রলীগের কর্মীদের ওপর হামলা চালায় এবং তিনজনকে কুপিয়ে জখম করে।তবে বিএনপির প্রার্থী এনায়েত কবীর বলেছেন, কয়েকজন বহিরাগত সন্ত্রাসী ওই গ্রামে ঢুকে এমদাদুল ইসলামের পক্ষে ভোট দাবি করছিল। এ সময় স্থানীয় লোকজন বাধা দিলে দুই পক্ষে কথাকাটাকাটি হয়। এ সময় ওই সন্ত্রাসীরা চলে যায়। কিন্তু কিছুক্ষণ পর তারা আরও সন্ত্রাসী নিয়ে এসে বিএনপির সমর্থকদের ওপর হামলা চালায়। একই সঙ্গে তারা বিএনপির তিন কর্মীর ঘরে হামলা চালায় ও মারধর করে।লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান প্রথম আলোকে জানান, দুই পক্ষের মধ্যে সংঘাত শুরু হলে পুলিশ ও সেনাবাহিনী সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় মহসিন নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাঁকে ছয় মাসের কারাদণ্ড দেন। মহসিন চট্টগ্রামের গাড়িচালক বলে জানা গেছে।