লালমোহনে পরিস্থিতি শান্ত, তজুমদ্দিনে হামলায় আহত ১৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে উপনির্বাচনের পরদিন গতকাল রোববার লালমোহন উপজেলার পরিস্থিতি ছিল শান্ত। তবে তজুমদ্দিন উপজেলায় বিক্ষিপ্ত কয়েকটি হামলার ঘটনায় বিএনপির ১৩ জন আহত হয়েছেন। উপনির্বাচনে পরাজিত প্রার্থী বিএনপির হাফিজউদ্দিন আহমেদের লালমোহন সদরের বাড়িতে হামলার আশঙ্কায় পুলিশ মোতায়েন করা হয়েছে। লালমোহন সদরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও পুলিশের টহল রয়েছে।আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো ধরনের সহিংস আচরণ না করতে দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে লালমোহন সদরে মাইকিং করা হয়েছে।এদিকে উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নূরনবী চৌধুরীকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। ভোলা জেলা সদরে রিটার্নিং কর্মকর্তা নুরুজ্জামান তালুকদার দুপুর ১২টায় তাঁকে বিজয়ী ঘোষণা করেন। নূরনবী প্রতিদ্বন্দ্বী হাফিজউদ্দিনের চেয়ে ৫১ হাজার ২০৫ ভোট বেশি পেয়েছেন। জানা যায়, এ আসনের ৮৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৭৭টির বেসরকারি চূড়ান্ত ফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে নৌকা প্রতীক নিয়ে নূরনবী পেয়েছেন ৯৩ হাজার ৮৭৩ ভোট, ধানের শীষ প্রতীক নিয়ে হাফিজ পেয়েছেন ৪২ হাজার ৬৫৮ ভোট। ভোট বাতিল হয়েছে এক হাজার ৪২১টি। মোট এক লাখ ৩৭ হাজার ৯৫২ জন ভোট দিয়েছেন। স্থগিত নয়টি ভোটকেন্দ্রের মোট ভোটার-সংখ্যা ৩১ হাজার ৫৬৬। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানানো হয়, দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান স্থগিত নয়টি কেন্দ্রের মোট ভোটারের চেয়ে বেশি হওয়ায় এসব কেন্দ্রে আর ভোট গ্রহণের প্রয়োজন নেই।সহিংস আচরণ না করতে প্রধানমন্ত্রীর নামে মাইকিং: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা নির্বাচন-পরবর্তী সময়ে কোনো ধরনের সহিংস আচরণ না করতে দলীয় নেতা-কর্মীদের প্রতি নির্দেশ দিয়েছেন, গতকাল সকাল থেকে লালমোহন সদরে এ ধরনের মাইকিং করা হচ্ছে। ‘ফলাফল ঘোষণার পর সহিংসতা কাম্য নয়—নির্দেশক্রমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’—এই বক্তব্য দিয়ে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা এই মাইকিং করছেন। স্থানীয় নেতাদের দাবি, শেখ হাসিনার নির্দেশ মেনেই তাঁরা মাইকিং করছেন।গত শনিবার রাতে নূরনবী চৌধুরীর পক্ষ থেকে মাইকিং করে দলীয় নেতা-কর্মীদের শান্ত থাকতে বলা হয়। কোনো প্রকার বিজয় মিছিল করতেও এতে নিষেধ করা হয়।তজুমদ্দিনে হামলা: স্থানীয় বিভিন্ন সূত্র জানায়, গতকাল তজুমদ্দিন উপজেলার বিভিন্ন গ্রামে বিএনপি সমর্থিত বেশ কয়েকজনের ওপর বিক্ষিপ্ত হামলা করেন আওয়ামী লীগের কর্মীরা। এসব ঘটনায় সোনাপুর গ্রামের সাবিনা ও সিরাজ; কেয়ামুল্লাহ গ্রামের সিরাজ, আরিফ ও রিয়াজ; দালালকান্দির সালাহউদ্দিন ও সামছুদ্দিন; কাজীকান্দির নসু মিয়া, লামছির বাবুল; চাঁদপুরের জামাল; বাবলীপুরের মুন্সি সিদ্দিক ও সাইফুল এবং গোলকপুরের মোস্তফা ব্যাপারী আহত হন। এঁদের মধ্যে আরিফ ও সালাহউদ্দিনকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। আহত অন্যদের অবস্থা গুরুতর নয়।এদিকে শনিবার রাতে ইন্দ্রনারায়ণপুরে বিএনপির কর্মী হারুনের বাড়িতে হামলা হয়। দা দিয়ে ঘরের বেড়ায় কোপানোর সময় হারুনের মেয়ে ঝর্ণা (১১) আহত হয়। হারুন জানান, খবর দিলে পুলিশ গতকাল অভিযান চালালেও কাউকে ধরতে পারেনি।তজুমদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান অভিযোগ করেন, আওয়ামী লীগের কর্মীদের হুমকির কারণে অনেকে হাসপাতালে যেতে পারছেন না। তাঁরা বাড়িতে গ্রাম্য চিকিৎসকের কাছে চিকিৎসা নিচ্ছেন।জানতে চাইলে তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ ইরফান প্রথম আলোকে বলেন, নির্বাচনোত্তর এমন টুকটাক ঘটনা ঘটতেই পারে। তবে চড়-থাপড় মারার ঘটনা তো আর বড় ঘটনা হতে পারে না। তিনি আরও বলেন, কোথাও কোথাও বিএনপি-আওয়ামী লীগের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার খবরও পাওয়া গেছে।বিএনপি অভিযোগ করেছে, গতকাল লালমোহনের চরভুতা ইউনিয়নের হাজিগঞ্জে তাদের কর্মী কালু ও শাহ আলমকে মারধর করা হয়েছে।