লালমোহনে সাংসদকে ঘিরে যত শঙ্কা
ভোলার পাঁচটি পৌরসভার মধ্যে সবচেয়ে বেশি শঙ্কা লালমোহনকে নিয়ে। এই পৌরসভার সবগুলো কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ মনে করছেন নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। এ পৌরসভায় মেয়র পদে চার প্রার্থীর মধ্যে তিনজনই শঙ্কা প্রকাশ করেছেন সরকারদলীয় স্থানীয় সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওনকে নিয়ে। তাঁদের অভিযোগ, সাংসদের চাচাতো ভাই মেয়র পদপ্রার্থী এমদাদুল ইসলামকে যেকোনো মূল্যে জেতানোর ঘোষণা দিয়ে ভীতিকর পরিস্থিতির তৈরি করেছেন। লালমোহন পৌরসভায় আওয়ামী লীগ-বিএনপি দুই দলেরই দুজন করে মোট চারজন মেয়র পদপ্রার্থী রয়েছেন। এর মধ্যে আওয়ামী লীগের আনুষ্ঠানিক সমর্থন পেয়েছেন স্থানীয় সাংসদ নুরুন্নবী চৌধুরীর চাচাতো ভাই এমদাদুল হক। আর এখানে বিএনপির আনুষ্ঠানিক সমর্থন পেয়েছেন বর্তমান মেয়র এনায়েত কবীর। দলটির আরেক নেতা মনিরুজ্জামান এখানে বিদ্রোহী প্রার্থী হয়েছেন। নির্বাচনী প্রচারে বর্তমান মেয়র এনায়েত কবীরের বিরুদ্ধে অপর তিন প্রার্থীর অভিন্ন অভিযোগ, প্রথম শ্রেণীর পৌরসভার মর্যাদা পেলেও গত ১৮ বছরে এখানে কাঙ্ক্ষিত উন্নয়নের ছোঁয়া লাগেনি। এর প্রমাণ হিসেবে ভাঙাচোরা রাস্তাঘাটকে বড় উদাহরণ হিসেবে তুলে ধরা হচ্ছে। আবার এনায়েত কবীরসহ তিন প্রার্থীর অভিন্ন অভিযোগ সাংসদ-সমর্থিত প্রার্থী এমদাদুলের বিরুদ্ধে। তাঁদের যত ভয়-শঙ্কা সাংসদকে নিয়ে। এনায়েত কবীর অভিযোগ করেন, সাংসদ নুরুন্নবী চৌধুরী যেকোনো মূল্যে তাঁর চাচাতো ভাই এমদাদুলকে মেয়র হিসেবে জেতানোর ঘোষণা দিয়েছেন। এমদাদুলের সমর্থকেরা এলাকা অন্যদের ভয়ভীতি দেখাচ্ছেন। একই অভিযোগ করেছেন অপর দুই মেয়র প্রার্থী এ কে এম মিজানুর রহমান ও মনিরুজ্জামান। তাঁরা এ নিয়ে সংবাদ সম্মেলন এবং স্থানীয় প্রশাসন ও নির্বাচন কমিশনে অভিযোগও করেছেন।অবশ্য সাংসদ নুরুন্নবী চৌধুরী এসব অভিযোগ ভিত্তিহীন ও অসত্য বলে দাবি করেছেন।আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমি দুই বছর ধরে নির্বাচন করার প্রস্তুতি নিয়েছি। কিন্তু সাংসদ তৃণমূলের মতামত না নিয়ে তাঁর চাচাতো ভাই এমদাদুলকে মেয়র প্রার্থী ঘোষণা করেছেন।’সাংসদ নুরুন্নবী দাবি করেন, ‘কেন্দ্র থেকে এমদাদুলকে মনোনয়ন দেওয়া হয়েছে। আত্মীয় হিসেবে নয়, দলের সিদ্ধান্ত হিসেবেই আমি সেটা সমর্থন করছি। কিন্তু অনেকেই দলের সিদ্ধান্ত মানছেন না।’আর এমদাদুল দাবি করেন, ‘তৃণমূল আওয়ামী লীগের সমর্থনে আমি নির্বাচন করছি। কিন্তু আমার জনপ্রিয়তা দেখে অনেকে কালো টাকা ছড়িয়ে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছেন।’ মিজানুর রহমান আরও অভিযোগ করেন, সাংসদ জনসভা করে বলেছেন, যেকোনো মূল্যে এমদাদকে জয়ী করতে হবে। হিন্দু সম্প্র্রদায়ের নেতাদের বাসায় ডেকে নিয়ে হুমকি দিয়েছেন, এমদাদ ছাড়া অন্য কাউকে ভোট দিলে সমস্যা হবে। এ ছাড়া একসময় যারা বিএনপির ক্যাডার হিসেবে আওয়ামী লীগের কর্মীদের নির্যাতন করেছে—মেহের, জুবায়ের, মাছুমসহ এমন অনেকে এখন সাংসদের ক্যাডার। তাদের পৌর নির্বাচনে ব্যবহার করছেন। তিনি বলেন, লালমোহনের একসময়ে আতঙ্ক ছিল বিএনপি-সমর্থিত মৌমাছি বাহিনী। ওই দলের সাধারণ সম্পাদককে এখন কাছে টেনেছেন সাংসদ নুরুন্নবী।আওয়ামী লীগ-সমর্থিত ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সুকুমার কর্মকারও অভিযোগ করেন, বিএনপি আমলে যারা সংখ্যালঘুদের ওপর নির্যাতন করেছে, তারাই এখন ক্ষমতাসীন দলে আশ্রয় পেয়েছে। সংখ্যালঘুদের হুমকি দিচ্ছে।বিএনপির ক্যাডারদের দলে টেনে নেওয়ার বিষয়ে জানতে চাইলে সাংসদ নুরুন্নবী চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘অনেকেই একসময়ে বাধ্য হয়ে বিএনপি করেছে। তারা অনেকেই আমার দলে যোগ দিয়েছে। কিন্তু দলে যোগ দিয়ে কেউ নতুন করে কোনো অন্যায় করেছে, এমন প্রমাণ কেউ দিতে পারবে না।’বিএনপির প্রার্থী এনায়েত কবীরের অভিযোগ, ‘এমন কথাও বলা হচ্ছে, কোনো ভোট না পেলেও সাংসদের প্রার্থীই জিতবে। তাদের লোকজন আমাকে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে কোনো প্রচার চালাতে দিচ্ছে না। ওই এলাকায় গেলে আমাকে মারতে পর্যন্ত এসেছে। আমি নির্বাচন কমিশনসহ স্থানীয় প্রশাসনকে বিষয়গুলো জানিয়েছি।’ একই অভিযোগ বিএনপির বিদ্রোহী প্রার্থী মনিরুজ্জামানেরও।স্থানীয় অনেক ভোটারও প্রথম আলোকে বলেছেন, স্থানীয় সাংসদ যেকোনো মূল্যে এই আসনে এমদাদকে জিতিয়ে আনতে চাইছেন। ফলে এখানে ভোটের দিন সহিংসতার আশঙ্কা করছেন তাঁরা।এসব অভিযোগ অস্বীকার করেন সাংসদ নুরুন্নবী চৌধুরী প্রথম আলোকে বলেন, ভোলার মানুষ অতীতে বিএনপির নির্যাতন দেখেছে। ১৮ বছরে এখানে কোনো উন্নয়ন হয়নি। তাই পৌরবাসী এবার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগের প্রার্থীকে জিনিয়ে আনবে। তিনি দাবি করেন, ‘এখানে শান্তিপূর্ণভাবে ভোট হবে। সাংসদ হিসেবে নির্বাচনে আমি কোনো প্রভাবই রাখছি না।’লালমোহনের নির্বাচনী পরিবেশ সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা ছিদ্দিকুর রহমান গতকাল প্রথম আলোকে বলেন, অতীতে লালমোহনে যেকোনো নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকেই ঝামেলা শুরু হতো। এবার এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ আছে। তিনি বলেন, ‘তবে প্রার্থীরা পরস্পরের বিরুদ্ধে ১৫ থেকে ২০টি অভিযোগ দিয়েছেন। আমরা সেগুলো তদন্ত করে দেখছি। নির্বাচন সুষ্ঠু করতে প্রশাসনের সব ধরনের প্রস্তুতি আছে। ইতিমধ্যে সেনাবাহিনী মোতায়েন হয়েছে। ভ্রাম্যমাণ আদালতও কাজ করছেন।’লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান বলেন, ১৩ জানুয়ারি এ পৌরসভার নয়টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে। প্রতি কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ২০ জনের একটি করে দল থাকবে। সেনাবাহিনী, র্যাব ও স্ট্রাইকিং ফোর্স টহলে থাকবে। এ ছাড়া নির্বাচনোত্তর সহিংসতা রোধেও প্রশাসন প্রস্তুত আছে।