লাশ আসবে ৭-১০ দিনের মধ্যে (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাহরাইনে নিহত ১১ জন বাংলাদেশির লাশ আগামী সাত থেকে ১০ দিনের মধ্যে দেশে ফিরিয়ে আনা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাশিয়া সফর উপলক্ষে আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি এ কথা জানান।পররাষ্ট্রমন্ত্রী বলেন, ওই দুর্ঘটনায় আহত দুজনের হাসপাতালে চিকিৎসা চলছে। আগুনে ক্ষতিগ্রস্ত ভবনে অবস্থান করা ৬৩ জন বাংলাদেশি তাঁদের সর্বস্ব হারিয়েছেন। তাঁদের থাকা-খাওয়ার জন্য বাহরাইনে বাংলাদেশ দূতাবাস ব্যবস্থা নিয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পাওনা আদায়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে।বাহরাইনের রাজধানী মানামায় গত শুক্রবার বিকেলে আগুনে দগ্ধ হয়ে ১১ বাংলাদেশি কর্মী নিহত হন। মানামার মুখারকা এলাকার তিনতলা একটি ভবনে আগুন লাগলে এই হতাহতের ঘটনা ঘটে। উপমহাদেশের শ্রমিকেরা গাদাগাদি করে ওই ভবনে থাকতেন, যাঁদের বেশির ভাগই বাংলাদেশি।এর আগে গত বছরের ২৭ মে বাহরাইনের পূর্ব রিফা এলাকার একটি ভবনে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে দম বন্ধ হয়ে ১০ বাংলাদেশি মারা যান।২০০৬ সালে গুদাইবিয়া এলাকায় আগুনে পুড়ে মারা যান ১৬ বাংলাদেশি। এ ছাড়া গত বছরের ২৭ মে আগুনে পুড়ে ১০ বাংলাদেশির মৃত্যু হয়।প্রধানমন্ত্রীর রাশিয়া সফর প্রসঙ্গপররাষ্ট্রমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাল সোমবার রাশিয়া সফরে যাচ্ছেন। তাঁর তিন দিনের মস্কো সফরের সময় দুই দেশের মধ্যে চারটি চুক্তি ও ছয়টি সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের কথা রয়েছে। সইয়ের অপেক্ষায় থাকা চুক্তি ও সমঝোতা স্মারকের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে: রাশিয়ার কাছ থেকে রাষ্ট্রীয় ঋণে সমরাস্ত্র কেনাকাটার জন্য আট হাজার কোটি টাকার একটি ও রূপপুর পারমাণবিক বিদ্যুেকন্দ্র স্থাপন নিয়ে একাধিক চুক্তি। এর মধ্যে প্রাক-সমীক্ষা নিয়ে চার হাজার কোটি টাকার একটি চুক্তি সই হবে। এই অর্থ রাশিয়া ঋণ হিসেবে দেবে। এ ছাড়া সন্ত্রাসবাদ দমন, জ্বালানি ও শিক্ষা খাতে সহযোগিতাবিষয়ক সমঝোতা স্মারক সই করবে দুই পক্ষ।প্রধানমন্ত্রীর খসড়া সফরসূচি অনুযায়ী, ১৫ জানুয়ারি ক্রেমলিনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন শেখ হাসিনা। আনুষ্ঠানিক বৈঠকের পর চুক্তি ও সমঝোতা স্মারকগুলো সইয়ের কথা রয়েছে।